পেন্টাগনের করা গুপ্তচরবৃত্তি ও হ্যাকিং এর অভিযোগ অস্বীকার করেছে চীন

যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি হাতিয়ে নিতে চীন গুপ্তচরবৃত্তি চালাচ্ছে পেন্টাগণের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। সোমবার এক প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে গুপ্তচরবৃত্তি করে তথ্য চুরির অভিযোগ করেছে পেন্টাগণ। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া জানাল। পেন্টাগণের দাবি, চীন তাদের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য গুপ্তচরগিরি করে তথ্য বের করছে। কিন্তু চীন এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, “চীনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাধারণ ও যৌক্তিক কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করছে এবং চীনের সামরিক খাতের বিকাশকে অযথাই ‘হুমকি’ হিসেবে দেখানোর চেষ্টা করছে।” ‘এসব আচরণ চীন-মার্কিন সম্পর্কে আস্থা ও সহযোগিতার জন্য মঙ্গলজনক নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। চীন তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতেই সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে,’ বলেন হুয়া। চীন এর প্রতিবাদ জানিয়েছে এবং হ্যাংকিং সম্পর্কে হুয়া বলেছেন, ‘আমরা দৃঢ়ভাবে ভিত্তিহীন সমালোচনা ও রটনার প্রতিবাদ জানাই।