ফটিকছড়িতে কাঠচোরেরা বেপরোয়া
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৬
রামগড় লাগোয়া উত্তর ফটিকছড়ির কাঠচোররা এখন বেপরোয়া হয়ে উঠেছে। আঁধারমানিক, হেয়াকো, দাঁতমারা, কয়লা প্রভৃতি সংরক্ষিত বনাঞ্চল এবং খাগড়াছড়ির বিভিন্ন এলাকা থেকে চোরাইপথে আসা অবৈধ কাঠ করেরহাট সড়ক দিয়ে সমতল জেলায় পাচার করা হচ্ছে। এদিকে কাঠ পাচারকারীদের সাথে ঐ সড়কের কয়লাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র চেকপোস্টে দায়িত্বরতদের যোগসাজশের অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে বিজিবি’র এ চেকপোস্ট অতিক্রম করে কয়েকশ গজ সামনে এগুনোর পর বন বিভাগের কর্মকর্তারা চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছেন। দাঁতমারার সরকারি বনাঞ্চল থেকে কেটে স্থানীয় একটি স’মিলে চিরাই করা প্রায় ২০০ ঘনফুট গামারি কাঠ ঐ ট্রাকে করে বারৈয়ারহাটে পাচারের চেষ্টা করা হয়েছিল। করেরহাটের বন রেঞ্জ কর্মকর্তা শাহজাহান আলি অভিযোগ করেন, বিজিবি’র চেকপোস্টের সাথে বোঝাপড়ার মাধ্যমেই চোরাই কাঠবাহী গাড়িগুলো এ চেকপোস্ট অতিক্রম করে। তিনি বলেন, গত ২-৩ মাস থেকে বিজিবি’র এ চেকপোস্টের শিথিলতার দরুন কাঠ পাচার বেড়েছে। এ ব্যাপারে কয়লা বিজিবি’র চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার সাহাব উদ্দিন কাঠ পাচারকারীদের সাথে তাদের যোসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, বন কর্মকর্তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তবে তিনি গত রবিবার রাতে বন বিভাগের হাতে আটক চোরাই কাঠবোঝাই ট্রাকটি কিভাবে এ চেকপোস্ট অতিক্রম করেছে এ প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেননি।