ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
স্থানীয়রা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ফজলু মেম্বার ও নাজিম উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে মারধর ও মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। এ ঘটনার পর থেকে নাজিম উদ্দিন ও তার লোকজন গত তিন মাস ধরে গ্রামের বাইরে ছিলেন। ৩-৪ দিন আগে তারা গ্রামে ফিরলে উত্তেজনা দেখা দেয়। এ দিকে, সম্প্রতি নাজিম উদ্দিনের দেয়া মামলায় জেল খাটে ফজলু মেম্বার। ঘটনার দিন ফজলু মেম্বারের লোকজন নাজিম উদ্দিনের লোকজনের ওপর হামলার চেষ্টা করে। এতে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। জেলা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল থানা পুলিশের সাথে যোগ দেয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।