রাজৈরে মসজিদের ভেতর ভাইকে কুপিয়ে হত্যা আটক এক

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মজিবর বেপারী নামে এক ব্যক্তিকে মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করেছে মামাতো ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে তারাবির নামাজের আগ মুহূর্তে। এ সময় মজিবর তারাবির নামাজ পড়তে মসজিদে এসেছিলেন।

নিহত মজিবর বেপারী একই এলাকার মৃত নওয়াব আলী বেপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাদের নামে একজনকে আটক করেছে।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, তার স্বামীর মামাতো ভাই জুয়েল ইউপি নির্বাচনে মেম্বার পদে দাঁড়িয়েছিল। তাকে ভোট না দেওয়ায় আমার স্বামীকে হত্যার জন্য আশরাফ, লিংকন এবং জুয়েল গংরা আগে আরো দুইবার বাড়িতে হামলা চালায়। মঙ্গলবার তুচ্ছ ঘটনার জেরে তারা আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়েছে।

রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান, তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষরা মজিবরকে মসজিদের ভেতর কুপিয়ে হত্যা করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।