কুবি’তে নানা সংকট শিক্ষা কার্যক্রম ব্যাহত
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২১
ক্লাসরুম, আবাসন, পরিবহন ও সেশন জটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাঙ্ক্ষিত পথচলা। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের ৭৪টি ব্যাচের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ২টি করে ক্লাসরুম। এসব সংকট নিরসনের দাবি জানিয়ে আন্দোলন করলেও এর কোন সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
কুবি সূত্রে জানা যায়, কুমিল্ল¬া মহানগর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই-ময়নামতি পাহাড়ের পাদদেশে কোটবাড়ির সালমানপুরে নৈসর্গিক পরিবেশে ৫০ একর জমির ওপর ২০০৬ সালের ৮ মে প্রতিষ্ঠা করা হয় দেশের ২৬তম কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের ২৮ মে শুরু হয় এ বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠার পর বর্তমানে ৭টি শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছে প্রায় সাড়ে ৪ হাজার। শিক্ষার্থীর তুলনায় এ বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম খুবই অপ্রতুল। কুবি’র ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, উত্তরাংশের একাডেমিক ভবনে ক্লাসরুম ১২টি, পশ্চিমাংশের একাডেমিক ভবনে ক্লাসরুম ৩টি, দক্ষিণাংশের একাডেমিক ভবনে ১৩টি ক্লাসরুমসহ ৩টি ভবনে ২৮টি ক্লাসরুম রয়েছে।
এছাড়া ক্লাসরুম সংকটের কারণে প্রশাসনিক ভবনের ২টি রুমে ক্লাস নেয়া হয়। ক্লাসরুমের এমন সংকটের ফলে এ বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের ক্লাস মার্চের মাঝামাঝি সময়ে শুরু করতে হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক হল না থাকায় এখানে আবাসন সমস্যাও প্রকট।
এ কারণে বাধ্য হয়েই অধিকাংশ শিক্ষার্থীকে নগরীতে বা আশপাশের এলাকায় থাকতে হচ্ছে। কয়েকটি বাস ভাড়া নিয়ে জোড়াতালি দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা। এছাড়া লাইব্রেরিতে নেই পর্যাপ্ত বই।
কুবি’র ভিসি প্রফেসর ড. আমির হোসেন খান জানান, ‘একাডেমিক ভবন সম্প্রসারণের মাধ্যমে নতুন করে ক্লাসরুম নির্মাণের কাজ চলছে। আগামী দু’-তিন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।