কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত ১৭

গত দু’দিনে কক্সবাজার, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, জামালপুর, লক্ষ্মীপুর, ভোলা, চট্টগ্রাম ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ও বজ্রপাতে মোট ১৭ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। এই ৭টি জেলাসহ কুমিল্লা, টাঙ্গাইল ও নোয়াখালীতে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। কক্সবাজার কক্সবাজারে সোমবার বিকাল ও রাতে ভারি বর্ষণ, তীব্র ঝড় ও ব্যাপক বজ্রপাত হয়েছে। বজ্রপাতে ৫ জন নিহত এবং ঝড়ে ৫ শতাধিক পানের বরজ ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রায় কোটি টাকার লবণ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কক্সবাজার জেলার উপর দিয়ে প্রচণ্ড বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় ব্যাপক বজ্রপাত হয়। বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয় অন্তত ১৫ জন। বজ্রপাতে নিহতরা হলেন: মহেশখালীর ধলঘাটার মোহাম্মদ বাবুল (২২) ও মিজানুর রহমান (২৪), কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাকিব (১১) ও কুতুবদিয়ার দক্ষিণ ধুরং-এর নুরুল হুদার ছেলে নুরুল ইসলাম (৩০)। মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক জানান, সোমবারের রাতের তীব্র বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ৫ শতাধিক পানের বরজ ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার জেলা লবণ চাষী ঐক্য পরিষদ সভাপতি রইচউদ্দিন জানান, সোমবার বিকাল ও রাতের তীব্র বর্ষণের কারণে প্রায় ৮৮ লাখ লবণ ভেসে গেছে। কিশোরগঞ্জ মঙ্গলবার বজ্রপাতে জেলার ইটনা, করিমগঞ্জ ও হোসেনপুর উপজেলায় ৩ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। ইটনা উপজেলার রায়টুটি গ্রামের তলার হাওরের বোরো ধান কাটার সময় বজ্রপাতে রিয়াজুল মিয়া (২০) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিহতের চাচাতো ভাই এমদাদুল (২২) ও দুলাল (২৫) আহত হয়। এদিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাইদ ইউনিয়নের দক্ষিণ পাড়াবালিয়া গ্রামের হুগলি বিলে ধান কাটার সময় বজ্রপাতে শাহাবুদ্দিন (৪৫) নিহত হয়। তাছাড়া বজ্রপাতে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সোহেল মিয়া (২৬) নিহত ও হেলাল মিয়া (২৫) গুরুতর আহত হয়। হেলালকে কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি মঙ্গলবার দুপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে খাগড়াছড়ির স্বাভাবিক জনজীবন। ঝড়ের আঘাতে জেলা সদর উপজেলাসহ মহালছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়ের অন্তত ৪০টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গুইমারা ও দিঘীনালায় ঘর ও গাছ চাপা পড়ে ২ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। কালবৈশাখীর তাণ্ডবে প্রায় সহস্রাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কমপক্ষে ১ হাজার একর জমির ফসল ও ৩ হাজার একর আম ও লিচু বাগানের ফলনের ক্ষতি সাধিত হয়েছে। জেলার বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জেলার বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গাছপালা পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা দু’ঘন্টা ধরে সড়কের গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। একঘন্টার এ কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে জেলা সদরের রুইখই চৌধুরীপাড়া, পেরাছড়া, সিঙ্গিনালা, অর্পণাচরণ চৌধুরীপাড়া ও মহিলা কলেজ এলাকাসহ বেশ কিছু এলাকার শতাধিক কাঁচা, পাকা-আধাপাকা ঘড়বাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। লণ্ডভণ্ড হয়ে যায় ফলদ বাগান ও ফসলি জমি। জামালপুর জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ জন। মৃত ব্যক্তি মেরুরচর ইউনিয়নের সেকেরচর গ্রামের আব্দুর রহমানের পুত্র সানোয়ার হোসেন (২৫) ও বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫৫)। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে। মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মওলা বাংলানিউজকে জানান, সকালে সানোয়ার বাড়ির পার্শ্বে ধান কাটছিল, এসময় বজ্রপাতে মারা যায়। ঘাসিরপাড়া গ্রামের নুরুল ইসলামও বজ্রপাতের প্রচণ্ড শব্দে মারা যান। এছাড়াও বকশীগঞ্জের উত্তরবাজার এলাকায় বজ্রপাতে মোস্তাফিজুর রহমান নামে ৮ বছরের শিশু ও বগারচর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী মাহিমা খাতুন আহত হয়। পৃথক অপর এক বজ্রপাতে বালুরচর গ্রামের চাঁন মিয়ার ২টি গরুও মারা যায়। আহতদের স্থানীয় বকশীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লার সাতাসদ্রোন গ্রামে সোমবার ঝড়ে উপড়ে পড়া গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে জসিমউদ্দিন (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান এনায়েতউল্লা বাবুল জানিয়েছেন, সোমবারের ঝড়ে এ এলাকায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়। ঝড়ে ব্যাপক গাছপালা ভেঙ্গে উপড়ে পড়ে। মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানে বজ্রপাতে মারা গেছে এক মহিলা চা শ্রমিক। সোমবার সকালে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে মুনা শুল্কবৈদ্যের স্ত্রী শান্তা শুল্কবৈদ্য (২৫) ঘটনাস্থলে মারা যায়। রামগতি (লক্ষীপুর) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামে মঙ্গলবার দুপুরে প্রচণ্ড ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে আবু তাহের (২২) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়। একই সময় স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আতংকগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আহত শিক্ষার্থী রেনু আক্তার ও মো. রানাকে স্থানীয় কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আবু তাহের ওই এলাকার মো. হোসেনের ছেলে। টেকনাফ (কক্সবাজার) টেকনাফে বজ্রপাতে নূর ফাতেমা (২২) নামের এক যুবতীর মৃত্যু ঘটেছে। সে সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী। ৭ মে মঙ্গলবার সকাল ৮টায় হঠাত্ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এতে একপর্যায়ে একটি বজ্রপাত ফাতেমার বাড়িতে এসে পড়ে। এ সময় আশপাশ এলাকা আগুনে ঝলসে যায়। পরে বাড়ির গৃহিণী নূর ফাতেমার সাড়া-শব্দ না পেয়ে পাশের বাড়ির লোকজন দেখতে গেলে তাকে দাঁড়ানো অবস্থায় থাকতে দেখে। পরে তাকে ধরতে গেলে দেখা যায় বুকের মাঝে বজ্রপাতের আঘাতে সে ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া সোমবার রাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার নূরুল আলমের মালিকানাধীন একটি নৌকা নিয়ে নাফ নদীতে আব্দুল মোনাফ মাঝিসহ তিন মাঝিমাল্লা পার্শ্ববর্তী নাফ নদীতে মাছ ধরতে গেলে হঠাত্ আকস্মিক ঝড়ো-হাওয়ার কবলে পড়ে দাঁড়ের আঘাতে নৌকা থেকে নদীতে মোনাফ মাঝি পড়ে যায়। এসময় আমানউল্লাহ ও অপর একজন জেলে কূলে ফিরে আসলেও আব্দুল মালেক মাঝি (৩০) নিখোঁজ হয়ে যায়। তাকে আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে। এখনো পর্যন্ত এ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলার ভূজপুরে বজ পাতে ১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল দশটার দিকে ভূজপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের কাজীবাড়ির জনৈক আহম্মদ হোসেন (৬০) বজ পাতে প্রাণ হারিয়েছেন। চরফ্যাশন (ভোলা) ভোলার চরফ্যাশন উপজেলায় সোমবার বিকালে প্রচণ্ড ঝড়ে উপজেলা চেয়ারম্যানের অফিসের পশ্চিম পাশের দেয়াল ভেঙে পড়েছে। এছাড়া অফিসার্স ক্লাব, সাব-রেজিস্ট্রার অফিস, আনসার ভিডিপি ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশনের চালাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক বসতঘর, ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি ব্যবসা প্রতিষ্ঠানের চালা লণ্ডভণ্ড হয়ে গেছে। আহত হয়েছে কমপক্ষে ১০ ব্যক্তি। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার, ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। বিভিন্ন এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত্ ছিল না। ক্ষতিগ্রস্তরা জানান হঠাত্ বয়ে যাওয়া ঝড়ে পৌরসভাধীন উত্তর ফালগুনকরা, বাতিসা ইউনিয়নের বসন্তপুর, কালিকাপুর, গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে বেশ কয়েকটি ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাট ভেঙে যায়। এতে অনেককেই খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে হচ্ছে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের কয়েকটি গাছ উপড়ে পড়ে। মির্জাপুর (টাঙ্গাইল) সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওপর দিয়ে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় বয়ে গেছে। শিলাবৃষ্টিতে উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে এবং ঝড়ে বিদ্যুতের লাইন ও তার ছিঁড়ে পড়ে অধিকাংশ এলাকায় বিদ্যুত্ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ। সোমবার রাত থেকেই থেকে থেমে বৃষ্টি এবং সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ে কাঁচা ঘরবাড়ি এবং গাছপালা ভেঙে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। সেনবাগ (নোয়াখালী) নোয়াখালীর সেনবাগ উপজেলার ওপর দিয়ে মঙ্গলবার ভোরে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলায় ৩৩ হাজার কেভির পল্লী বিদ্যুত্ সরবরাহের প্রধান লাইনের। এ কারণে গতকাল ভোর থেকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো উপজেলায় পল্লী বিদ্যুত্ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) বুধবার দুপুরে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর, চন্দ্রপুর ও কোনাউর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ২ শতাধিক লোক আহত, ৩ শতাধিক কাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও বহু গাছপালা বিনষ্ট হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। তন্মধ্যে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নে পশ্চিম চাকামইয়া গ্রামে গত মঙ্গলবার রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ১৩টি বসতঘরসহ একটি মসজিদ, স্কুল বিধ্বস্ত হয়েছে। এসময় অন্তত ১২ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের মধ্যে মসজিদের ইমাম মাও.আব্বাসউদ্দিন, কাঞ্চন আলী, শাজাহান মিয়া, মৌজে আলী ও আছিয়া বেগমকে চিকিত্সা দেয়া হয়েছে। ঝড়ে মসজিদের ইমাম মাও.আব্বাসউদ্দিনকে মসজিদসহ উড়িয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। সাতকানিয়া (চট্টগ্রাম) এদিকে গত ৪ এপ্রিল চট্টগ্রামের সাতকানিয়ায় বয়ে যাওয়া কালবৈশাখীর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুত্ লাইন মেরামত না হওয়ার কারণে উপজেলার অধিকাংশ এলাকা এখনো অন্ধকারে নিমজ্জিত। উপজেলার কালিয়াইশ, ধর্মপুর, সোনাকানিয়া, মরফলা, নলুয়া, উত্তর কালিয়াইশ ম্যাঙ্গাপাড়া, চাঁদের পাড়া, কেঁওচিয়া এলাকায় বিদ্যুতের অভাবে ধানের মেশিন চালাতে না পেরে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এছাড়া বিদ্যুত্ না থাকায় অনেক গৃহে ডিপ-টিউবওয়েলের মোটর বন্ধ রাখায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।