রানা প্লাজা ট্র্যাজেডি

১৪ দিন পর ৪ জনের দাফন

কলারোয়ায় সাইদুর, গোদাবাড়ীর লিটন, বানারীপাড়ার পপি, নওগাঁও রেজাউলের লাশ সাভার ট্র্যাজেডির ১৪ দিন পর তাদের গ্রামে এনে দাফন করা হয়। কলারোয়া (সাতক্ষীরা) ছবিটা তার পকেটে ছিলো ছেঁড়া আর রক্তে ভেজা। আর এই বিবর্ণ ছবি দেখেই সনাক্ত করা হয় ১৪ দিন আগে রানা প্লাজার নিচে চাপা পড়া সাইদুর ইসলামের গলিত লাশ। নিহত সাইদুরকে গত মঙ্গলবার সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। সাভার ট্রাজেডির উপজেলার রামভাদ্রপুর গ্রামের শিকার সাইদুর ইসলাম রানার পিতা মাহাবুবুর রহমান জানান, সাইদুর মালিকের ধমক খেয়ে চাকরির ভয়ে কাজ করতে যায়। অবশেষে সাইদুরের লাশ যখন স্কেলেটর মেশিনে গার্মেন্টস আবর্জনার সাথে যখন উঠে এলো তখন আর তাকে চেনার উপায় নেই। গোদাগাড়ী (রাজশাহী) রানা প্লাজায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া গোদাগাড়ীর লিটনের লাশ ১৪ দিনের মাথায় উদ্ধার করা হয়। কবুতরপাড়া গ্রামের দুরুল হোদার ছেলে লিটনের (২৩) লাশ মঙ্গলবার রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে আসে দাফন। মায়ের কোলে থাকা দেড় বছরের পুত্র সন্তান সিয়াম পিতার লাশের দিকে তাকিয়ে ছিল। কিন্তু শিশুটি বুঝতে পারছিল না তার পিতা মারা গেছে। ভবন ধসের দিন সকালে লিটন মোবাইল ফোনে তার ভাই সেনা সদস্য আব্দুল কাদেরকে জানান, সে ভবনের ভেতরে বিপদে রয়েছে। এরপর থেকে লিটনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বানারীপাড়া (বরিশাল) অবশেষে নিখোঁজ গার্মেন্টসকর্মী বানারীপাড়ার পপির সন্ধান মিলেছে, তবে জীবিত নয় মৃত। মঙ্গলবার সন্ধ্যায় রানা প্লাজা ধসের ১৪তম দিনে হতভাগ্য পপির মরদেহ উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া আইডি কার্ড ও পোশাক দেখে তার পরিচয় মেলে। লাশ হস্তান্তর হওয়ার পর স্বজনেরা রাতেই লাশ নিয়ে বরিশালে রওয়ানা দেন। গতকাল বুধবার ভোরে বরিশাল সদরের কাউয়ারচর গ্রামে বাবা আবুল কালামের বাড়িতে জানাযা শেষে তার লাশ কাউয়ারচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নওগাঁ ১৩ দিন পর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ গ্রামের রেজাউল ইসলামের লাশের সন্ধান পেয়েছে তার পরিবার। মঙ্গলবার বিকালে রেজাউলের গলিত লাশ নিয়ামতপুর পৌঁছালে বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। অভাবী পরিবারের দুঃখ ঘোচাতে প্রায় বছর দুয়েক আগে রেজাউল রানা প্লাজার একটি পোশাক কারখানায় যোগদান করেন। ফয়াজ মোল্লা জানান, ভবন ধসে পড়ার সময় সেখানে রেজাউল কর্মরত ছিলো। রেজাউলের পরিবারকে সরকারি অনুদান হিসাবে ৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। সোনাতলা (বগুড়া) উপজেলার কর্নিপাড়া গ্রামের একই বাড়ির মোঃ আব্দুল কুদ্দুছ প্রামানিকের মেয়ে এক সন্তানের জননী শাহিনুর বেগম (২৯) ও চান মিয়ার মেয়ে ২ সন্তানের জননী নাজমা বেগম সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মারা যায়। সেখানে ২৫ এপ্রিল উদ্ধার হওয়া লাশের মধ্যে নাজমা বেগমের লাশের সাথে শাহিনুর বেগমের লাশ মনে করে অন্য এক মহিলার লাশ এনে গত ২৬ এপ্রিল দাফন সম্পন্ন করা হয়। এর ৯ দিন পর গত ৫ মে রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া লাশের মধ্যে আসল শাহিনুর বেগমের লাশ উদ্ধার হয়। এ সংবাদে সাগর ও তার বাড়ির লোকজন হতভম্ব হয়ে পড়ে এবং সোমবার লাশ নিয়ে এসে দাফন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভূঞাপুর (টাঙ্গাইল) স্ত্রী ময়না আবদার করে তুমি আজ ছুটি নিয়ে বাসায় থাকো অফিসে যাইয়োনা আমার ভয় করতাছে। ঘটনার দিন সকাল সাড়ে ৮টায় স্ত্রী ময়নার সঙ্গে মোবাইলে শেষ কথা হয় রানা প্লাজার চতুর্থ তলার নিউ ওয়েভ বটম কোম্পানিতে পিএম হিসেবে কর্মরত মো. কামাল হোসেনের। নিখোঁজ কামাল হোসেনের ভাই মালেক জানান, দুর্ঘটনার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার রাউত্বাড়ি গ্রামের ময়েন উদ্দিন সরকার মাধু ও লালভানু বেগমের কনিষ্ঠ পুত্র কামাল। চার ভাই দুই বোনের মধ্যে সে চতুর্থ। মাস ছয়েক আগে তিনি সাভার রানা প্লাজায় নিউ ওয়েভ বটম কোম্পানিতে পিএম হিসেবে যোগ দেন। তার স্ত্রী ময়না বেগম ১০ মাসের গর্ভবতী।