জালালাবাদ হাসপাতালে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আবারও সফলতার সাথে কৃত্রিম হাঁটু প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে তিনজন রোগীর কৃত্রিম হাঁটু প্রতিস্থাপিত হলো। হাঁটু প্রতিস্থাপনের মতো জটিল অপারেশনের জন্য আগে অধিকাংশ রোগীকেই বিদেশে পাঠানো হতো। ব্যয়বহুল এই চিকিত্সা এখন স্বল্প খরচে জালালাবাদ হাসপাতালে রোগীদের দিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়ার রাখাল পাল দীর্ঘদিন ধরে হাঁটুর ক্ষয়রোগে (অস্টিওআর্থ্রাইটিস) ভুগছিলেন। মারাত্মক যন্ত্রণা নিয়ে তিনি জালালাবাদ হাসপাতালে ভর্তি হলে গত শনিবার সফলভাবে তার হাঁটু প্রতিস্থাপন করা হয়। হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক সাইরাস সাকিবার নেতৃত্বে সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক ডাঃ সুমন মল্লিক সফলভাবে এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম। এছাড়া অপারেশন সহযোগিতায় আরো ছিলেন ডাঃ পার্থ সারথি দে, ডাঃ শান্তনু, ডাঃ শাহরুখ, ডাঃ রাসেল, ডাঃ লতা, ডাঃ রেজা, ডাঃ শাওন ও ডাঃ প্রদীপ। এব্যাপারে অধ্যক্ষ মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম বলেন, যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ক্ষয়রোগসহ হাঁটুর অন্যান্য সমস্যায় কষ্ট পাচ্ছেন এবং হাঁটু প্রতিস্থাপন জরুরি তাদের জন্য আমরা সেবার এই দরজা খুলেছি।