চৌদ্দগ্রামে গ্রাহকের টাকা নিয়ে সমবায় সমিতি উধাও
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৩
গ্রাহকের ৬ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ‘জাগো মাল্টিপারপাস কো-অপারেটিভ’ নামের একটি সমবায় সমিতি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহজালালের বিরুদ্ধে আদালতে অর্থ আত্মসাতের মামলা করেছে এক গ্রাহক। অসংখ্য গ্রাহক তাদের জমাকৃত আমানত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। জানা গেছে, ৬-৭ বছর ধরে উপজেলার শুভপুর গ্রামের শাহজালালসহ ৬ যুবক স্থানীয় মুন্সিরহাট বাজারে জাগো মাল্টিপারপাস কো-অপারেটিভের কার্যক্রম শুরু করে। চেয়ারম্যান ও এমডি শাহজালালের এই প্রতিষ্ঠানটির আরও ৬টি শাখা বাড়ানো হয়। এসব শাখার মাধ্যমে তারা ৬ কোটি টাকা আমানত সংগ্রহ করে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালু করে। এর মধ্যে গত এক মাস ধরে ৭টি শাখাই বন্ধ রয়েছে। চেয়ারম্যান শাহজালালসহ পরিচালকরা পলাতক রয়েছেন। দীর্ঘদিন চেষ্টা করেও আমানত ফিরে না পেয়ে প্রতিষ্ঠানের গ্রাহক চান্দিশকরা গ্রামের জামাল উদ্দিন শাহজালাল ও তার পিতা ইদ্রিছ মাস্টারের বিরুদ্ধে অর্থ আত্মাসাত্ মামলা করেছেন।