বিরামপুরে কলেজের গাছ কাটার তদন্তে বনবিভাগ

বিরামপুর উপজেলার কেটরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারী নিয়ম বহির্ভূতভাবে কলেজের ৫/৭টি আকাশমনি গাছ কেটে বিক্রির চেষ্টা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম কাটা গাছগুলো জব্দ করে বন বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগে প্রকাশ, কেটরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তাহের ও অফিস সহকারী শাহীদুজ্জামান শাহীন বন ও পরিবেশ উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়ায় প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করেন। কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন চৌধুরী দুলাল জানতে পেরে উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২১ এপ্রিল লিখিত অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা ও বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার সোমবার জানান, তিনি বিনা অনুমতিতে গাছ কাটার সত্যতা পেয়েছেন।