সংঘাত এড়াতে দু’টি গ্রুপের অস্ত্র সমর্পণ

লোহাগড়ার আমাদা গ্রামের বিবদমান দু’টি গ্রুপ দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত ও সহিংসতার পথ পরিহার করে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র সমর্পণ করেছে। মঙ্গলবার আমাদা আদর্শ কলেজ চত্বরে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ কাজী বসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এসকে আবু বাকের, বিশেষ অতিথি ছিলেন নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খাঁন, ফজলুল হক, কাশেম খাঁন, সাহাদত্ খাঁন। পরে দু’টি গ্রুপ প্রধান অতিথি এমপির হাতে ২০টি ঢাল, ৩০টি সড়কি ও ৪টি রামদা সমর্পণ করেন। উল্লেখ্য, আমাদা গ্রামের কাশেম খাঁন সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আলী খাঁন সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।