রায়পুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৫
লক্ষ্মীপুর জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত-লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, কমলগঞ্জ, রায়পুর ও রামগতি। এক সময় সবচেয়ে বড় মেলা বসতো লক্ষ্মীপুরের দালালবাজারে। রায়পুর এ জেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উপজেলা। এই উপজেলায় রয়েছে পৌরশহর ছাড়া ১০টি ইউনিয়ন এবং ছোট-বড় ২৬টি হাটবাজার, ফিশ হ্যাচারি (এখানে মাছের পোনা উত্পাদন করা হয়)। এছাড়া ১৫টি ব্যাংক এবং ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই উপজেলায়। এ উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। অগ্নিকাণ্ডে এই উপজেলায় গত দু’বছরে প্রায় ১৫ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। কোথাও আগুন লাগলে জেলা শহরের ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করতে হয়। যার দূরত্ব উপজেলা শহর থেকে ১৮ কিলোমিটার। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ৩০-৪০ কিলোমিটার। ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। এ অবস্থায় রায়পুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করি।
অর্ণব নাঈম,
রায়পুর, লক্ষ্মীপুর