রংপুরে ১৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বৃহত্তর রংপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ও খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ৮টি মামলায় সরকারি সাবেক কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুর সুগার মিলের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ২০১০ সালে ১৪ জুলাই ১ কোটি ৩২ লাখ ১৩ হাজার ২’শ ২৫ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়। তারা ৬ বছর ধরে সরকারি টাকা আত্মসাত্ করেন। দুদকের সহকারী পরিচালক নুর-ই আলম মামলাটি তদন্ত করে ১ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৬’শ ৮৫ টাকা আত্মসাতের সত্যতা পান। দুদক জানায়, কার্যবিধি অনুযায়ী প্রতি বছর ১টি করে হিসাবে ৬ বছরে ৬টি মামলা হয়। অভিযুক্ত কর্মকর্তারা হলেন রংপুর সুগার মিলের সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সাবেক ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আবুল ফায়েজ এবং সাবেক হিসাব সহকারী রফিকুল ইসলাম। চলতি বছরের ১৫ এপ্রিল গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে ৬টি মামলার চার্জশীট দেয়া হয়। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসের ৯টি চেক সরিয়ে ১৩ লাখ ১৩ হাজার ৬’শ ৯১ টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করার অভিযোগে ২০১১ সালের ৭ জুলাই কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম আমিনুর ইসলাম বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন কুড়িগ্রাম গোয়ালপুরী সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম শুভ, আবু সালেক মোঃ আদিত রচি, মোঃ আসাউদৌলা বাবু, এমএলএসএস লাল মিয়া, সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখার যাচাইকারী অফিসার আবুল হোসেন, একই শাখার ব্যাংক অফিসার রেজাউল করিম। অপরদিকে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে কাজের বিনিময় খাদ্য কর্মসূচির আওতায় ৫ মেট্রিক টন খাদ্যশস্য আত্মসাত্ করায় ২০১১ সালের ২৭ জুলাই রংপুরের দুদক উপ-পরিচালক মোঃ জহিরুল হুদা গঙ্গচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদক। পরে তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নছর মোঃ আব্দুল্লাহকে বাদ দিয়ে ৬ জনকে আসামি করে চলতি বছরের ৫ মে চার্জশীট দেয়া হয়। আসামিরা হলেন গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম মিজানুর রহমান। তিনি এখন ফরিদপুর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। বাকি আসামিরা হলেন প্রকল্প সভাপতি আজগর আলী, প্রকল্প সেক্রেটারী মাহাতাব উদ্দিন, প্রকল্প কমিটির সদস্য যথাক্রমে সফর উদ্দিন, আবুল কাসেম ও মনোয়ারা বেগম। অভিযুক্তরা কেউই গ্রেফতার হননি বলে সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম জানান, অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের মামলার সত্যতা পাওয়া গেছে। আমাদের কাজ শেষ। আদালত এখন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।