কিশোরগঞ্জ থানায় ছাত্রলীগের হামলা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৭
আটক মাদক ব্যবসায়ীকে থানা-হাজতে খাবার সরবরাহ করতে না পেরে এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কিশোরগঞ্জ সদর থানায় হামলার ঘটনা ঘটেছে। এসময় এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত এবং থানার পিকআপ ভ্যান এবং গেইটের লাইট ভাংচুর করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইয়াবা ও ফেনসিডিলসহ শহরের গাইটাল শ্রীনগর এলাকার আমিনুল হকের ছেলে শফিকুল আমিন (২৪) ও কলাপাড়া এলাকার হাজী আবুবকর সিদ্দিকের ছেলে মাহবুব হাসানকে (২৪) থানায় সোপর্দ করেন। রাত ৯টার দিকে সরকারি গুরুদয়াল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল গণি ঢালী (লিমন) আটক এক মাদক ব্যবসায়ীকে খাবার সরবরাহ করতে গেলে থানা-হাজতের সামনে কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাধা দেন। এসময় লিমন কনস্টেবলকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ। কিছুক্ষণ পর লিমন তার সহযোগীদের নিয়ে থানায় হামলা করে পুলিশের একটি পিকআপের ক্ষতিসহ গেটের লাইটগুলো ভেঙ্গে ফেলে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে হামলাকারীরা চলে যায়। এ ঘটনার পর ছাত্রলীগ কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার আকস্মিকতায় থানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানবাহন ও দোকানপাট বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. হাম্মাদ হোসেন গতকাল বুধবার (৮ মে) দুপুরে জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।