বিশ্বনাথে জনপ্রতিনিধিদের দ্বন্দ্বে ফেরত্ যাচ্ছে উন্নয়ন বরাদ্দ
তজুম্মুল আলী রাজু , বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৮
সিলেটের বিশ্বনাথে বিগত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ছিল বিগত সাড়ে চার বছরেও তা প্রশমিত হয়নি। সমপ্রতি উপজেলা চেয়ারম্যান ও তাঁর পরিষদের সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে একে অপরকে ঘায়েল করার চেষ্টায় লিপ্ত। এতে যেমন বিশ্বনাথে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না, তেমনি এখানে আইন-শৃঙ্খলার পরিস্থিতিরও অবনতির আশংকা দেখা দিয়েছে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান দু’জনেই দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তৃণমূল নির্বাচনে মুহিবুর রহমান মনোনীত হলেও দলের হাইকমান্ড প্রার্থিতা ঘোষণা করে শফিকুর রহমান চৌধুরীকে। এনিয়ে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে কয়েকবার মারামারি হয়। শেষ পর্যন্ত মুহিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করলে শফিকুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হন। তারপর মুহিবুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে শফিকুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর মুহিবুর রহমানসহ আওয়ামী লীগের উপজেলা কমিটির ১৫জন নেতাকে বহিষ্কার করা হয়। এতে আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। মুহিবুর রহমান ইতিমধ্যে একটি জনসভায় এমপিকে কটুক্তি করে বক্তব্য দেয়ায় এমপি গ্রুপ তার অফিস ও গাড়ি ভাংচুর করে। এতে এমপি শফিকুর রহমান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান মাঠছাড়া। আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে বিগত ইউপি নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীও জয়লাভ করতে পারেনি। উপজেলার আট ইউনিয়নে চারদলীয় জোট প্রার্থীরা নির্বাচিত হন। গতবছরে আইন-শৃঙ্খলা কমিটির এক বৈঠকে উপজেলা পরিষদের সকল সদস্য এমপিকে বয়কট করেন। সমপ্রতি এমপি ও উপজেলা চেয়ারম্যান মুহিবের দ্বন্দ্বের ফলে পরিষদে আসা বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত কয়েকশ’ টন চাল-গম ফেরত চলে যায়। ফলে উপজেলার অনেক উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী।