গোপালগঞ্জে ধান কাটছে ১০ হাজার বহিরাগত শ্রমিক
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:২৮
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জ ও মাদারীপুরের বিলসমূহে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ধান পাকতে শুরু করেছে। আর এ পাকা বোরো ধান কাটার জন্য খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দশ সহস্রাধিক ধান কাটা শ্রমিক এ দুটি জেলায় এসেছে। এসব ধানকাটা শ্রমিক এখানকার চাষীদের বাড়িতে অবস্থান করে আগামী একমাস ধান কাটবে। গোপালগঞ্জের চান্দা বিল, বড়বিল, মোল্লার বিল, টুংগীপাড়ার বিল, কোটালীপাড়ার বিল, রামনগর বিল, চামটার বিল, মাদারীপুরের লখন্ডার বিল, মহিষমারীর বিল, কদমবাড়ীর বিল, বাঘিয়ার বিল, ভেরিকাতলার বিল, বাওনবাড়ীর বিলসহ আশপাশের বিলগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের এই ব্যাপক ফলন হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরের কৃষক নিমাই মন্ডল জানান বিঘাপ্রতি তারা ৩০/৩৫ মণ ধান পাবেন। তিনি আরো বলেন, ধান কাটার শুরুর মুহূর্তেই আরম্ভ হয়েছে বৃষ্টি আর ঝড়ো হাওয়া। ফলে অনেক জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। আগামীতে এমন অবস্থা আরো ঘটলে ঠিকভাবে ধান কেটে ঘরে তোলা অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে এ বছর জোয়ারের পানির চাপও বেশি। যেকোন সময় জোয়ারের পানির চাপে নিচু এলাকার পাকা ধান ক্ষেত ডুবে যেতে পারে।