হরতালে রাজধানীতে আগুন, ভাংচুর
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫২
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল অতিবাহিত হয়। আজও দ্বিতীয় দিনের মত সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিক্ষিপ্ত কিছু ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। হেফাজত ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। তবে হরতালের সময় রাজধানীতে অনেক দোকানপাট খোলা ছিল। রাস্তায় যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে ঢাকা থেকে দূরপাল্লার রুটে কোন গাড়ি ছাড়েনি। বিমান, ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। হরতালে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যাব সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনভর অবস্থান করেছিলেন।
সকাল ৭টায় মিরপুরের চিড়িয়াখানা রোডে ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলকারীরা বিসিআইসি কলেজের উল্টো দিকে স্টাফ কোয়ার্টারের সামনে একটি লেগুনায় আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। সকাল সাড়ে ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে হরতাল-সমর্থকেরা একটি বাস ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। ভোর সাড়ে ৫টায় তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে হরতাল-সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সকালে বাড্ডায় হরতাল সমর্থনে শিবিরের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টার দিকে হরতাল সমর্থনে রাজধানীর দক্ষিণ গোড়ানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। সকাল পৌনে ৭টার দিকে লক্ষ্মীবাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে ঢাকা মহানগর যুবদল।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু কার্যালয়ের ভেতরে থাকলেও বাইরে নেতাকর্মীদের কোনো তত্পরতা দেখা যায়নি। সকাল ৯টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বিএনপির সংসদ সদস্যরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। মিছিলটি মনিপুরীপাড়া ফটক হয়ে সংসদ লেকের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানের সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা। একই সঙ্গে তারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও করেন। মিছিলে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে মেজবাহউদ্দীন ফরহাদ, গোলাম মোস্তফা, আবুল খায়ের ভুঁইয়া, শাম্মী আক্তার, আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার ইয়াসমিন মনি, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীতে হরতালের সমর্থনে মিছিলের চেয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হরতারবিরোধী মিছিল বেশি বের করে। রাজধানীর প্রতিটি ওয়ার্ডসহ শতাধিক স্থানে হরতালবিরোধী মিছিলে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।