হুজুরকে ভুল বুঝিয়ে সমাবেশের নিয়ন্ত্রণ নেয় আরেক পক্ষ

‘মতিঝিলের সমাবেশের নিয়ন্ত্রণ এক সময় আর হেফাজতের নিয়ন্ত্রণে ছিল না। হুজুরকে ভুল বুঝিয়ে এই সমাবেশের নিয়ন্ত্রণ নিয়ে নেন আরেক পক্ষ। ফলে যা ঘটেছে তার সবকিছু আমাদের সিদ্ধান্ত অনুযায়ী হয়নি।’ হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন। তাকে উদ্ধৃত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল সাংবাদিক-দের এসব তথ্য জানান। পুলিশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুনগরীকে ৯ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলাম বলেন, বাবুনগরী তাদের বলেছেন, ১৮ দলীয় জোটের এক নেতা যিনি হেফাজতে ইসলামীরও নেতা, ওই নেতাই হুজুরকে (শফী) ভুল বুঝিয়েছেন। ওই নেতাকে অভিযুক্ত করে বাবুনগরী দাবি করেছেন, তার কারণেই সব পরিস্থিতি এলোমেলো হয়ে যায়। রাতে মতিঝিলের শাপলা চত্বরে বসে পড়েন হেফাজত নেতাকর্মীরা। মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে বাবুনগরী আরো জানিয়েছেন, মতিঝিলে তাদের (হেফাজতের) অবস্থানের কোনো কর্মসূচি ছিলো না। তবে নিয়ন্ত্রণ না থাকায় তারা কিছু করতে পারেননি। হেফাজত আমির শাহ আহমদ শফীকে বিষয়টি জানানো হয়েছিলো কিনা-পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে জানতে চাইলে বাবুনগরী পুলিশকে জানান, তিনি (শফী) চোখে ভালো দেখতে পান না। তাকে ‘ভুল’ বোঝানো হয়েছিলো। এরপরই নিয়ন্ত্রণ চলে যায় আরেক পক্ষের হাতে। মনিরুল ইসলাম বলেন, পল্টন ও বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজত কর্মীরা ছিলো না বলে দাবি করেছেন বাবুনগরী। তিনি বলেছেন, এই কাজ করেছে জামায়াত-শিবির কর্মীরা। মনিরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের মূল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের উত্স এবং সরকার ‘উত্খাতে’ কী পরিকল্পনা হয়েছিলো-তা জানতে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।