রবীন্দ্র স্মরণে মেতেছিল সাংস্কৃতিক অঙ্গন

বৃষ্টিস্নাত দিনে বহুমাত্রিক উত্সব-আয়োজনের মধ্য দিয়ে জাতি স্মরণ করলো বাঙালির প্রাণ ও মননের প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল বুধবার উদযাপিত হলো ১৫২তম রবীন্দ্র জয়ন্তী। বাঙালির মহামনীষী রবীন্দ্রনাথের জন্মদিনে আনন্দ-আয়োজনে মেতেছিল সাংস্কৃতিক অঙ্গন। তাঁরই কবিতা, গান ও নৃত্যনাট্যের আনন্দ-আয়োজনে বাঙালি মেতে ওঠে প্রাণের উচ্ছ্বাসে। রবীন্দ্র সঙ্গীতের অমর বাণী বাতাসে ছড়িয়েছে মধুর সুর। ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘আজ জোছনা রাতে সবাই গেছে বনে’, ভেঙ্গে মোর ঘরের চাবি’, ‘ওই মহামানব আসে-দিকে দিকে রোমাঞ্চ লাগে’ সুরের মায়াজালে মোহাবিষ্ট হয়েছেন শত শত দর্শক-শ্রোতা। রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর ও খুলনার দক্ষিণডিহিতে ছিল বর্ণাঢ্য আয়োজন। দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় ছিল রবীন্দ্রমেলা, রবীন্দ্র সঙ্গীতের আসর, আলোচনাসভার আয়োজন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজধানীতে প্রতিটি অনুষ্ঠান ঘিরে ছিল উপচানো ভীড়। লালপেড়ে সাদা শাড়ির সঙ্গে খোঁপায় বকুলের মালা পেঁচিয়ে ওইসব আয়োজনে অংশ নেন নারীরা। পুরুষরা আসেন রঙ-বেরঙের পাঞ্জাবি ও ফতুয়া পরে। বৃষ্টি উপেক্ষা করে রবীন্দ্রপ্রেমীরা অংশ নিয়েছেন এসব আয়োজনে। ঢাকায় জাতীয় পর্যায়ে বড় ধরনের অনুষ্ঠান ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রতিটি টিভি চ্যানেল ও রেডিওতে ছিল রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা আবৃত্তি, নাটিকা, গান ও বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। রবীন্দ্র গবেষকসহ এ প্রজন্মের কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও বিশিষ্টজন নিজেদের লেখার মাধ্যমে তুলে ধরেছেন রবীন্দ্র-ভাবনা। রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা ‘জাগো এবার জাগো/বেলা কাটাস না গো’ শ্লোগান নিয়ে সুুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বুধবার শুরু হয়েছে রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার তিনদিনের ‘রবীন্দ্র উত্সব’। এটি সংস্থার ২৪তম আয়োজন। উত্সব উত্সর্গিত হয়েছে সাভারের ‘রানা প্লাজা’ ধসে নিহতদের স্মরণে। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক বাংলালিংকের পি আর অ্যান্ড কমিউনিকেশন মার্কেটিং-এর অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আজম। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। সভাপতিত্ব করেন তপন মাহমুদ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ উত্সব। এরপর সম্মেলক কণ্ঠে গীত হয় ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে/শোনো শোনে পিতা’, ‘হে নূতন দেখা দিক আর-বার, জন্মের প্রথম শুভক্ষণ’ ও ‘আকাশ ভরা সূর্য তারা’। এরপর একক কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন ত্রিশজন শিল্পী। এদের মধ্যে ছিলেন মনসুরা বেগম, সেলিনা হুদা, শামীমা আলম বিনু, দীপা পাল, অণিমা রায়, খন্দকার আবুল কালাম, মামুন জাহিদ খান, ইমরানুল হক, বিষ্ণু মণ্ডল, সুমাইয়া ইমাম ইমা, খায়রুজ্জামান কাইয়ুম, মকবুল হোসেন, মুজিবুল কাইয়ুম, রাবিতা সাবা, নুসরাত জাহান রুনা, প্রান্তিকা সরকার, আদ্রিতা আনোয়ার প্রমুখ। তাদের কণ্ঠে গীত হয় ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, ‘সুন্দর বটে তব’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’, ‘কোথা হতে বাজে প্রেম বেদনা’, ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘তুমি যে আমারে দাও’, ‘তোমার আমার বিরহের অন্তরালে’সহ অনেক গান। রবীন্দ্র উত্সবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা আজ বৃহস্পতিবার শুরু হবে সন্ধ্যা ৬টায়। বাংলা একাডেমী বাংলা একাডেমী একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমীর প্রেস ভবনস্থ সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে একবিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ শীর্ষক একক বক্তৃতা করেন কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শামসুজ্জামান খান। কথাশিল্পী হাসান আজিজুল হক বলেন, রবীন্দ্রনাথকে এখন নৈর্ব্যক্তিকভাবে আবিষ্কার অত্যন্ত জরুরি। এই শতাব্দীর মানুষ চায় প্রথাগত রবীন্দ্র বিচারের ভক্তিবাদী আবরণ সরিয়ে মানুষ রবীন্দ্রনাথ এবং শিল্পী রবীন্দ্রনাথকে আপন করে চিনতে, কারণ তিনি তো জীবনব্যাপী মানুষেরই সাধনা করে গেছেন। তিনি বলেন, নির্মোহ দৃষ্টিতে রবীন্দ্রভুবনে অবলোকন সমকালীন ব্যক্তি ও বৈশ্বিক বাস্তবতায় তাঁর প্রাসঙ্গিকতা অনুধাবনের সুযোগ করে দেবে। দ্বিতীয় পর্বে বাংলা একাডেমী প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। রবীন্দ্র সাহিত্য গবেষণায় অবদানের জন্য অধ্যাপক করুণাময় গোস্বামী এবং রবীন্দ্র সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী পাপিয়া সারোয়ারকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয় পুষ্পস্তবক, সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী ও আশরাফ মাহমুদ।