রবীন্দ্র কর্মসূচি উদ্বোধন

নিজেদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে :স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী নতুন প্রজন্মের তরুণদের প্রতি রবীন্দ্রনাথের বই বেশি বেশি পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেছেন, আসুন নিজস্ব অবস্থানে থেকে নিজেদের মেধা কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারা ও আইনের শাসন কায়েম করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ আসনে তুলে ধরি। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর ঘোষণার পুনরাবৃত্তি করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের টিম ইতোমধ্যেই এই এলাকা পরিদর্শন করেছে। আশা করছি অল্প সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে। অন্তর মম বিকশিত কর অন্তর তর হে, এই শ্লোগানে গতকাল ২৫ বৈশাখ বুধবার সকাল ১১টায় রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন ড. শারমিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্পিকারকে উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম এবং অভিনন্দনপত্র পাঠ ও প্রদান করেন প্রফেসর নাজিম উদ্দিন মালিথা। এরপর রবীন্দ্র অণ্বেষা স্মরণিকা উন্মোচন করেন স্পিকার। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার, চয়ন ইসলাম, পুলিশ সুপার এস,এম এমরান হোসেন, রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরী, কলেজ অধ্যক্ষ মেরিনা জাহান প্রমুখ অংশগ্রহণ করেন। পরে একই মঞ্চে সিরাজগঞ্জ ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে, রবীন্দ জন্ম-জয়ন্তী উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী রবীন্দ্র মেলা।