হাজার হাজার মানুষ নিহত হলে তাদের স্বজনরা কোথায়?
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৪
মতিঝিলের শাপলা চত্বরে রবিবার রাতে হেফাজত কর্মীদের সরাতে যৌথ বাহিনীর অভিযানে ‘হাজার হাজার’ মানুষ নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। তিনি বলেন, হাজার হাজার মানুষ নিহত হলে তাদের স্বজনরা কোথায়? কেউ তো এমন দাবি নিয়ে এখনো আসেননি। রবিবার রাতে হেফাজতের ওই সমাবেশ থেকে বাণিজ্যিক এলাকা মতিঝিলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলা, লুটের পর পরদিন সকালে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে হামলা ও বাংলাদেশ ব্যাংক লুট করার পরিকল্পনা করা হয়েছিল। এ তথ্য পেয়েই সেদিন রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযানে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস, জলকামান, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে গতকাল বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসানসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, অভিযানে ম্যাক্সিমাম অফিসার ব্যবহার করেছি, এটা অফিসার-বেজড অভিযান। আমরা সফলভাবে অভিযান শেষ করি। রাত ২টায় অপারেশন শুরু করি, মাত্র ১০ মিনিটে ঈর্ষণীয় ক্ষিপ্রতায় শেষ করি। তিনি জানান, অর্থনৈতিক দৈন্য, সামাজিক অবস্থানের সুযোগ নিয়ে সমাবেশে শিশু-কিশোরদের ভুল বুঝিয়ে শাপলা চত্বরের সমাবেশে নিয়ে আসা হয়। তিনি বলেন, এখন আমরা অগ্রসর সময়ে বসবাস করি। এই যুগে মৃতদেহ গুম করা অসম্ভব বিষয়, এটা স্পষ্ট। মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। কম্পিউটারে কারসাজির মাধ্যমে আমাদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী এই সংকটকালে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূল্যায়ন করা উচিত।
পুলিশ কমিশনার বলেন, নাশকতা ও ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ থেকে জনগণকে রক্ষা করতেই ওই অভিযান চালানো হয়। আর এতে যেসব অস্ত্র ব্যবহার করা হয়, সেগুলো প্রাণঘাতী নয়। তিনি বলেন, অভিযানের পর হেফাজতের মঞ্চের কাছে চারটি লাশ কাফনের কাপড় ও পলিথিনে মোড়ানো অবস্থায় এবং বিভিন্ন স্থানে আরো তিনটি লাশ পাওয়া যায়। এছাড়া হেফাজত কর্মীরা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এর আগে রবিবার বিকাল পর্যন্ত সংঘর্ষে মোট তিনজনের মৃত্যু হয়। অভিযানে বহু হেফাজত কর্মী হতাহতের যে প্রচার চালানো হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। এর বাইরে হতাহতের কোনো তথ্য থাকলে তার সুনির্দিষ্ট তালিকা দেয়ারও আহ্বান জানান বেনজির আহমেদ। তিনি বলেন, রবিবার হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তাতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়তে থাকে।
পুলিশ কমিশনার বলেন, হেফাজত কর্মীদের দক্ষিণ আর পূর্ব দিক দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ রেখে কেবল উত্তর ও পশ্চিম দিক দিয়ে অভিযান চালানো হয়। ঢাকা অবরোধের পর সমাবেশের অনুমতি দেয়া ভুল ছিল কি-না বা কেন দেয়া হয়েছে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি কারণে হেফাজতকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এক. গণতান্ত্রিক দিক লক্ষ্য করে। দুই. বাংলাদেশের মানুষের ধর্মীয় দিক বিবেচনা করে। অবরোধের সময় কমিয়ে দুপুর ২টার পর সমাবেশের অনুমতি নেয়া হয়েছিল। হেফাজত প্রতিনিধিরা তখন বলেছিলেন, শফী হুজুর দোয়া করে সমাবেশ শেষ করে দেবেন। কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেষ পর্যন্ত তারা তা রক্ষা করেননি।
৫ মে’র ঘটনায়
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন গত ৫ মে রাতে শাপলা চত্বরে সমাবেশে হত্যাকাণ্ড, দোকানপাটে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও এবং ভাংচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে নিরীহ আলেম ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের নামে মামলা দেয়া হচ্ছে ও তাদের গ্রেফতার করা হচ্ছে। প্রমাণ ছাড়া একজন আলেমকেও গ্রেফতার করা হলে জাতি কোনদিন আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করবে না। ৫ মে’র হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর হাউজ বিল্ডিং চত্বরে সমাবেশ করবে।
গতকাল বুধবার বিকালে পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির (মজলিশে আমেলা) সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঘটনার দিন কারা ভাংচুর ও জ্বালাও-পোড়াও করেছে তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। তিনি নিরীহ আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও কওমি মাদ্রাসায় হামলা থেকে বিরত থেকে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি