কমলগঞ্জে বর্ষণে নদী-ছড়ায় পানি বেড়েছে
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৫
অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জ উপজেলার সব নদ-নদী ও পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শতার্িধক হেক্টরের পাকা বোরোধান তলিয়ে গেছে।
গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই ও লাঘাটা নদী ও সব পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। উপজেলার ইসলামপুর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের নিম্নাঞ্চলে শতাধিক হেক্টর পাকা বোরোধান তলিয়ে গেছে। বৃষ্টি এবং উজান থেকে ঢলের পানি নেমে আসায় এলাকায় পানি বৃদ্ধি পেয়ে চলেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে চাষাবাদকৃত ৪১০০ হেক্টর জমির মধ্যে ১২৭০ হেক্টর পাকা বোরোধান কাটা হয়েছে। অবশিষ্ট ২৮৩০ হেক্টর পাকা ও আধাপাকা ধান মাঠে রয়েছে। মাঠ পর্যায়ের দুজন কৃষি কর্মকর্তা জানান, পতনউষার ইউনিয়নে প্রায় ৪০ হেক্টর, ইসলামপুর ইউনিয়নে ১৫ হেক্টর, মুন্সীবাজার, আলীনগরসহ অন্যান্য ইউনিয়নে আরো প্রায় ৪৫ হেক্টর পাকা বোরোধান নিমজ্জিত হয়েছে।