পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৫
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, জেলা প্রশাসন, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—আজ সকালে পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও পীরগঞ্জ উপজেলায় ড. ওয়াজেদের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, দোয়া, কবর জিয়ারত, স্মরণ সভা ও গরীব মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে বলে পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানিয়েছেন। স্থানীয় এমপি ও রংপুরের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অপর সূত্রে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী মরহুমের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ঢাকায় ইন্তেকাল করেন।