হাতিয়া থেকে সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগ
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৬
পাঁচ দিন ধরে নোয়াখালীর বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা শহর মাইজদীর নৌ-রুটে সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে নদীর দু’পাড়ে শত শত যাত্রী নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সি-ট্রাক দুর্ঘটনায় অনেক লোকের প্রাণহানির পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ হাতিয়া নৌ-রুটে সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করে। এতে করে হাতিয়া-মাইজদী নৌ-রুটে যাত্রী পারাপার বন্ধ থাকায় শত শত যাত্রী মেঘনা নদীর দু’পাড়ে আটকা পড়ে যায়। এমনকি নৌ দুর্ঘটনায় নিহতদের স্বজনেরাও নদী পারপার হতে পারেননি। তাছাড়া জরুরি প্রয়োজন ও অসুস্থ রোগীদেরকেও সি-ট্রাক চলাচল না থাকায় চিকিত্সার জন্য হাতিয়ার বাহিরে নেয়া যাচ্ছে না।
এদিকে দু’ঘাটে যাত্রীদের থাকার সু-ব্যবস্থা না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে আটকা পড়া যাত্রীদেরকে। অপরদিকে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনায় কতিপয় যাত্রী ট্রলার যোগে নদী পারাপারের চেষ্টা করলেও স্থানীয় প্রশাসনের বাধার কারণে তাও যেতে পারছে না। এমনি করে বিপদের সম্মুখীন হয়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। হাতিয়ার সঙ্গে জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম সি-ট্রাক। কিন্তু দুর্ঘটনার পাঁচদিন পর আবহাওয়ার পরিবর্তন হলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে সি-ট্রাক চলাচলের অনুমতি দিচ্ছেন না। এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আবহাওয়া ভালো থাকাকালীন সি-ট্রাক চলাচলের জন্য ও নতুন আরো দুটি সি-ট্রাক দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে সি-ট্রাক মাস্টার আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কর্তৃপক্ষ অনুমতি দিলে সি-ট্রাক চলাচল শুরু করা হবে।