এইচএসসি পরীক্ষা

আজকের পরীক্ষা ৩১ মে ১২ মে’র পরীক্ষা ১ জুন

আজ বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও ১২ মে রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম জানান, আজ বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আগামী ৩১ মে শুক্রবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টায়। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে। এছাড়া ১২ মে রবিবারের পরীক্ষাগুলো হবে আগামী ১ জুন। ওইদিন সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে। আজ আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও কুটির শিল্প (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। এছাড়া ১২ মে রবিবার সকালে ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ নিয়ে হরতালের কারণে ছয়দিনে এইচএসসি ও সমমানের ৩৪টি বিষয়ের পরীক্ষা পিছিয়েছে।