রানা প্লাজার ১৭৭৬ জন পোশাককর্মীকে বেতন দিয়েছে বিজিএমইএ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৬
সাভারে ধসে পড়া রানা প্লাজার ৫টি গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত ১ হাজার ৭৭৬ জন শ্রমিকের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করেছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বাকি সময়ে অন্যদের বেতন পরিশোধ করা হবে। বিশেষ করে যারা চিকিত্সাধীন তাদের বেতন হাসপাতালে বা বাসায় গিয়ে পৌঁছে দেয়া হবে। আর নিহত শ্রমিকদের উত্তরাধিকার নিশ্চিত হওয়ার পর তাদের কাছে পাওনাদি পরিশোধ করা হবে। গতকাল বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে এ তথ্য জানান বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম।
এ সময় জানানো হয়, ইতিমধ্যে শ্রমিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ৫টি কারখানায় পূর্বের মাসের বেতনের তালিকা অনুযায়ী ৩ হাজার ৬১৯ জন শ্রমিকের নাম পাওয়া গেছে। এর মধ্যে আগে চাকরি ছেড়ে যাওয়া শ্রমিকরাও অন্তর্ভুক্ত হয়েছেন। আর বর্তমানে সাভারের এনাম মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন শ্রমিক চিকিত্সাধীন রয়েছেন। কারখানা ভবনের পিলার বা বিমে ফাটল দেখা দিলে প্রকৌশলী না দেখিয়ে কোন ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানা ভবনের দেয়ালে চুলের মতো চিড় দেখা গেলেও ক্ষেত্রবিশেষে থানা নির্বাহী কর্মকর্তা (টিএনও), পুলিশ প্রশাসন এসে কাজ বন্ধ করে দিচ্ছেন। এতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তিনি বলেন, কেবলমাত্র পিলার বা কলামে কোন ধরনের ফাটল দেখা দিলেই তা ঝুঁকিপূর্ণ হবে। দেয়ালের ফাটল নয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত ৬৫টি কারখানা ভবনে ফাটল দেখা দেয়ার একটি তালিকা বিজিএমইএ’র কাছে আছে। বুয়েটের প্রকৌশলীরা পরীক্ষা করে এর মধ্যে ৬টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে ৩টি অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে এবং অন্য ৩টি ভবনের সংস্কার করা হবে। আজকের হরতাল প্রত্যাহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) চীনের ২০টি বিখ্যাত পোশাক ক্রেতার একটি প্রতিনিধিদল ব্যবসা করার উদ্দেশ্যে বাংলাদেশে আসছেন। তারা বিভিন্ন পোশাক কারখানা ও তাদের কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) পরিদর্শন করার কথা রয়েছে। কিন্তু হরতালের কারণে তা ব্যাহত হতে পারে। ইতিমধ্যে তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। এতে ভুল বার্তা যেতে পারে তাদের কাছেও।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ প্রমুখ।