একেএম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ফরমাল চার্জ দাখিল

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদনসহ আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ইউসুফের বিরুদ্ধে একাত্তর সালে ৭০০ জনকে গণহত্যা, ৮ জনকে হত্যা, ২শ’ হিন্দুকে জোরপূর্বক ধর্মান্তরিত করা ও ৩শ’ বাড়ি লুণ্ঠন এবং ৪শ’ দোকান লুণ্ঠন ও অগ্নিসংযোগ করার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার প্রসিকিউটর হূষিকেষ সাহা ১৫ টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন। একইসঙ্গে একেএম ইউসুফকে গ্রেফতারের আবেদনও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠনের জন্য রাষ্ট্রপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। কৌঁসুলি হূষিকেষ সাহা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি আলবদর, রাজাকার ও শান্তি কমিটি গঠনে ভূমিকা পালন করেছেন। ওই সময় তিনি খুলনা জেলা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালে তিনি রাজাকারের প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধকালে খুলনা সদর, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে তার নেতৃত্বে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতসহ দেশান্তরিত করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, ছাত্রজীবনে একেএম ইউসুফ জমিয়তে তালাবি-ই-আরাবিয়ার একজন সক্রিয় সদস্য ছিলেন। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন এবং ১৯৫৭ সালে খুলনা বিভাগের প্রধান হন। তিনি বলেন, ’৭১ সালে তিনি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিপরিষদে রাজস্ব, পূর্ত, বিদ্যুত্ ও সেচমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এটিএম আজহারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আগামী ৩০ জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১-এ নির্দেশ দেয়। সকালে আজহারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমার দেয়ার পর চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রেক্ষিতে আগামী ৩০ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত।