রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সংবিধানসম্মত উপায়ে সমঝোতা চাই:- ইইউ রাষ্ট্রদূতগণ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৭
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের সময় সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় উপনীত হতে হবে। রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সংবিধানসম্মত একটি উপায়ে সমঝোতায় পৌঁছা যাবে। সেজন্য সহসাই গঠনমূলক আলোচনা শুরু করতে হবে যাতে বাংলাদেশ একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হয়।
আজ ৯ মে ‘ইউরোপ ডে’ উপলক্ষে গতকাল বুধবার গুলশানের একটি হোটেলে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতগণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সাভার ট্র্যাজেডির পর গার্মেন্টস শিল্প পরিস্থিতি, মানবাধিকার ইস্যু নিয়ে তারা মন্তব্য করেন।
সাংবাদিক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা সূচনা বক্তব্য দেন। আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ইটালির রাষ্ট্রদূত গিয়রজিও গুগলিলমিনো, স্পেনের রাষ্ট্রদূত লুই তাজেদা চেচন, জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনসে, সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কারিন রহলিন, নেদারল্যান্ডস-এর চার্জ দ্য অ্যাফেয়ার্স কারল রিচার এবং ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাবু কামিচেটি।
ইইউ রাষ্ট্রদূত হানা সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্রমবর্ধমান সন্ত্রাস ও সহিংসতা, সংখ্যালঘু ও উপাসনালয়ে হামলা খুবই উদ্বেগজনক। দলগুলোকে সংসদের ভেতরে-বাইরে গঠনমূলক সংলাপ করতে হবে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন প্রশ্নের জবাবে বলেন, সংলাপ, বিতর্ক ও আলোচনা হল সমস্যা সমাধানের উপায়। সরকার ও জনগণ এসবের ভবিষ্যত্ নির্ধারণ করবে।
ইইউ রাষ্ট্রদূত গার্মেন্টস ইস্যু প্রসঙ্গে বলেন, প্রতিটি কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক শ্রম মানের সঙ্গে রেখে তা করতে হবে। বাংলাদেশের একটি বড় অংশীদার হিসেবে শ্রম মান নিয়ে আমরা উদ্বিগ্ন। নিরাপত্তা, কর্মপরিবেশ, স্বাস্থ্য নিয়েই এই উদ্বেগ। ইইউ এক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সহায়তা দিতে চায়।