না’গঞ্জে ফের নাশকতার আশংকায় ২ শতাধিক মাদ্রাসা নজরদারিতে
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২২:৫৭
নারায়ণগঞ্জে আবারো বড় ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেফাজতে ইসলাম, বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা যে কোন সময়ে নাশকতা ঘটাতে পারে। সম্প্রতি এই তিন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তা-ব্যক্তিরা এমনটা মনে করছেন। এই তিন সংগঠনের মূল লক্ষ্য রাজধানীর সঙ্গে সিলেট ও চট্টগ্রাম বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন করা। এ কারণে জেলার প্রায় দুই শতাধিক মাদ্রাসা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দু’টি কারণে গোলযোগ সৃষ্টিকারীদের কাছে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ। প্রথমত: দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হওয়ায় এখানে স্থবিরতা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ব্যাপক ধস নামানো সম্ভব। দ্বিতীয়ত: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, কাচঁপুরে গোলযোগ সৃষ্টি করলে অপর বাণিজ্য নগরী চট্টগ্রাম ও সিলেট জেলার সাথে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন করা সহজতর। তিনি জানান, প্রধান বিরোধীদল বিএনপির অন্যতম প্রধান শরিকদল জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলগুলো এবং হেফাজতের পক্ষ থেকে নারায়ণগঞ্জে যেকোন সময় নাশকতার আশঙ্কা রয়েছে। তাই জেলার ৭টি থানার প্রায় ২০৬টি মাদ্রাসার উপর কঠোর গোয়েন্দা নজরদারি চলছে।
তবে কঠোর নজরদারির কথা বলা হলেও নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শিবিরের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের মত ঘটনা ঘটিয়ে চলেছে। তাছাড়া জামায়াত-শিবির ও হেফাজতের কর্মসূচিতে অর্থ যোগান দাতাদের সঙ্গে খোদ জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, ওই সংস্থার দুই শীর্ষ কর্তা-ব্যক্তি জামায়াতের চিহ্নিত ডোনারদের বিরুদ্ধে সকল গোয়েন্দা রিপোর্ট উপরের মহলে না দিয়ে লুকিয়ে ফেলছেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় আলিয়া, কওমি, হাফেজি ও এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা কমপক্ষে তিন শতাধিক হলেও জেলা পুলিশের মতে এই সংখ্যা ২০৬টি। এর মধ্যে ফতুল্লায় মাদ্রাসার সংখ্যা ৩৭টি, সিদ্ধিরগঞ্জে ১৯টি, বন্দরে ১১টি, সদরে ৫টি, সোনারগায়ে ৫৬টি, আড়াইহাজারে ৪৯টি ও রূপগঞ্জে রয়েছে ২৯টি মাদ্রাসা রয়েছে। জেলা পুলিশের দেয়া তথ্য মতে ২০৬টি মাদ্রাসার মাঝে আলিয়া মাদ্রাসা ৪৭টি হলেও বাকি ১৫৯টি মাদ্রাসার সবগুলোই কওমি, হাফেজি ও এবতেদায়ী মাদ্রাসা।
এর মধ্যে জামায়াত ও শিবিরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১৫টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মডেল কলেজ, সিদ্ধিরগঞ্জে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সোনারগাঁয়ে সাদিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, নারায়ণগঞ্জ আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অন্যতম। বন্দরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি হল জামায়াত ও শিবিরের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের আধিপত্য সবচেয়ে বেশি বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, জামায়াত ও শিবিরের বেশির ভাগ গোপন বৈঠকই রাতের আঁধারে অনুষ্ঠিত হয় এখানে। এই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষকও রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়াও শহরের অদূরে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা, কাশীপুর মাদ্রাসা ও শহরের আমলাপাড়া মাদ্রাসা, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসাটি হেফাজতে ইসলামের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। এর মধ্যে কাশীপুর মাদ্রাসাটি পরিচালনা করেন জেলা হেফাজতের আহ্বায়ক ও শহরের ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল, দেওভোগ মাদ্রাসার প্রধান হলেন জেলা হেফাজতের যুগ্ম আহ্বায়ক মুফতি আজিজুল হক ও আমলাপাড়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল কাদিরও জেলা হেফাজতের অন্যতম শীর্ষ নেতা। জানা গেছে, গত বিএনপি শাসনামলে দেওভোগ মাদ্রাসায় লুকিয়ে থাকা অবস্থায় জেএমবির আঞ্চলিক কমান্ডার তানভীরকে গ্রেফতার করেছিল র্যাব সদস্যরা। গত সোমবার ঢাকা থেকে বিতাড়িত হওয়ার পরে শত শত হেফাজত কর্মী আশ্রয় নিয়েছিল সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসায় এবং সেখান থেকেই পুলিশ ও বিজিবির উপর আক্রমণ চালায় তারা।
জানা গেছে, হেফাজতের নেতারা বরাবরই জামায়াতে ইসলামের সাথে তাদের নীতিগত প্রার্থক্য রয়েছে বলে দাবী করলেও বর্তমান পরিস্থিতিতে তারা একই পথে হাঁটছেন। রাজনৈতিক কারণে হেফাজতের সঙ্গে বিএনপি একাত্মতা ঘোষণা করায় জামায়াত শিবির নিয়ে হেফাজতের আপাতত কোন বিরোধ নেই। পাশাপাশি দলের নেতাকর্মীদের হেফাজতের পাশে দাঁড়ানোর বিএনপি প্রধানের ঘোষণার পরপরই নারায়ণগঞ্জে গত রবিবার রাত থেকেই বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করে। গত সেমাবার হেফাজতের সঙ্গে জামায়াত নেতাকর্মীরা একযোগে শরীরে কাফনের কাপড় পরিধান করে এবং ‘আমাকে শহীদের মৃত্যু দাও’ ফ্যাস্টুন মাথায় লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ইত্তেফাককে জানান, বেশ কিছু ইসলামী দল ও সংগঠন মাদ্রাসার অবুঝ ছাত্রদের ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে মাঠে নামাচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে। নারায়ণগঞ্জে ভবিষ্যতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জেলার ২ শতাধিক মাদ্রাসার উপরে কঠোর গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এসব ঘটনার নেপথ্যের উস্কানিদাতা ও সন্দেহভাজনদের উপরও নজরদারি চলছে বলে তিনি জানান।