শাপলা চত্বর অভিযানের বিচার বিভাগীয় তদন্ত দাবি বার কাউন্সিলের

মতিঝিল শাপলা চত্বরে ৫ মে গভীর রাতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সরিয়ে দিতে পরিচালিত অভিযানের সময় ‘হত্যাকাণ্ডে’র সঠিক তথ্য বের করতে দেশের সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের পক্ষে ভাইস এডভোকেট খন্দকার মাহবুব হোসেন গতকাল বুধবার এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, গত ৫ মে গভীর রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের উপর আইন- শৃংখলা বাহিনীর সদস্যের সঙ্গে সরকারের সন্ত্রাসী বাহিনী যে বর্বর ‘হত্যাযজ্ঞ’ চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে লাশ গুম করার যে অভিযোগ উঠেছে তার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। বিবৃতিতে বলা হয়, হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশকে বিতর্কিত এবং তাদের উপর হামলাকে জায়েজ করার জন্য সরকারের সন্ত্রাসী বাহিনী বায়তুল মোকাররমসহ এর আশপাশের এলাকার দোকানপাটে অগ্নিসংযোগ এবং লুটপাট চালিয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা দরকার। নতুবা এর ভয়াবহ পরিণতির জন্য এই সরকারকে জবাবদিহি করতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।