যারা আল্লাহ ও রাসূলের জন্য জীবন দিতে পারে তারা কোরআনে আগুন দিতে পারে না:-কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের জন্য জীবন দিতে পারে, তারা কোরআনে আগুন দিয়েছে একথা কখনো বিশ্বাসযোগ্য নয়, আমার বিশ্বাস তারা কখনো কোরআনে আগুন দিতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতের নেতা আল্লামা শফীকে শুধু বললেই হতো- মতিঝিল শাপলা চত্বর ছেড়ে বাড়ি চলে যান, তিনি চলে যেতেন, এর জন্য আলেমদের উপর একটা গুলিও চালাতে হতো না। শুধু অহংকারের কারণেই প্রধানমন্ত্রী এ কথা বলেননি। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক হত্যাকাণ্ড দেখেছি; কিন্তু আলেমদের উপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে এরকম নারকীয় তাণ্ডব আমি আর কখনো দেখিনি। গতকাল বুধবার বিকালে সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সভায় তিনি এ সব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এমনই জালেম, তিনি বলেছেন, যারা হেফাজত নেতাদের পানি খাওয়াবে তাদের নামেও নাকি মামলা করা হবে। মানুষকে পানি খাওয়ানোর জন্যও এই সরকার মামলা করে। অথচ হল-মার্ক, শেয়ার কেলেংকারির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয় না। আলহাজ্ব জহির উদ্দিন ডিলারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, আজাদ সিদ্দিকী, এসএম আবদুল হাই, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, খন্দকার বজলুর রহমান ও জুলফিকার শামীম প্রমুখ।