সিঙ্গাপুরে অবাধে বিক্রি হচ্ছে নিবন্ধনবিহীন বাংলাদেশি সিমকার্ড!

সিঙ্গাপুরে অবাধে বাংলাদেশের নিবন্ধনবিহীন মোবাইলসীম বিক্রি করা হচ্ছে। জানা যায়, সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের বলেছে, বর্তমানে বাজারে প্রচলিত প্রি-অ্যাক্টিভেটেড সীমকার্ড (যা কেনার পরপরই চালু করা সম্ভব) প্রত্যাহার করে সত্য ও ত্রুটিমুক্ত তথ্যসম্বলিত কাগজ-পত্র প্রাপ্তি সাপেক্ষে যাচাই করে প্রতিটি সংযোগ চালু করতে। নতুন নিয়মে সীমকার্ড কেনার সঙ্গে সঙ্গে আর তা চালু করা যায় না। নিয়ম অমান্য করলে সংযোগ বিচ্ছিন্ন করাসহ জরিমানা আদায় করা হবে। কিন্তু বাংলাদেশের নতুন এই নিয়মকে উপেক্ষা করে সিঙ্গাপুরের কতিপয় মোবাইল টপ-আপ কার্ড, সীমকার্ড ব্যবসায়ী কোনোরকম নিবন্ধন কিংবা প্রমাণপত্র ছাড়াই বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সীমকার্ড বিক্রি করছে। বাংলাদেশে যেখানে অত্যন্ত সস্তায় সীমকার্ড কেনার সুযোগ রয়েছে সেখানে সিঙ্গাপুরের মতো একটি কঠিন আইনপ্রয়োগের দেশে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্য মাইকে ঘোষণার মাধ্যমে ১০/১৫ ডলারে একেকটি সীমকার্ড বিক্রি করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার সময় অনেক বাংলাদেশি এই নিবন্ধনহীন সীমকার্ড নিয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে, এসব সীমকার্ড অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। অন্যথায় বাংলাদেশের চেয়ে বেশি দাম দিয়ে সিঙ্গাপুর থেকে নিবন্ধনবিহীন সীমকার্ড কিনে আনার যুক্তি থাকতে পারে না। দেশে এ বিষয়ে নতুন আইন করা হলেও বিদেশের ক্ষেত্রে কোন আইন না করায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।