বরিশালে ওষুধ কোম্পানিতে কর্তৃপক্ষ-শ্রমিক সংঘর্ষ চলছে কর্মবিরতি

নগরীর একটি ওষুধ কোম্পানিতে কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষ হয়েছে। এতে কোম্পানির মানব সম্পদ কর্মকর্তা আল মাসুদ ও হাবিবুর রহমান চৌধুরী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রমিক মনির হাওলাদার, মনির খান, রুবেল হাওলাদার ও লাবলু হাওলাদার গতকাল সকাল ৬টায় কর্মস্থলে প্রবেশ করতে চাইলে গেট দারোয়ান তাদের প্রবেশে বাধা দিয়ে বলে তাদের চাকরি নেই। এ সময় তারা জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বিষয়টি অবহিত করে। পরে সব শ্রমিক এক হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়। এ নিয়ে কর্তৃপক্ষ-শ্রমিক সংঘর্ষের এক পর্যায়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। দাবি পূরণ না হলে ওই প্রতিষ্ঠানের সব কারখানা পর্যায়ক্রমে বন্ধ করে দিয়ে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে যাবে। এ প্রতিষ্ঠানে একই দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়লে পরবর্তীতে তা সামাল দেয়া হয়। কিন্তু আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে শাস্তি চাপিয়ে দেয় বলে শ্রমিকরা অভিযোগ করেন। কারখানার ম্যানেজার (এইচআর) আল মাসুদ বলেন, কোন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়নি। তবে যে ৪ জনকে গেট দিয়ে ঢুকতে বাধা দেয়া হয়েছিল সেটা কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। তাদের অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। এ বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে ফোনে পাওয়া যায়নি।