রবীন্দ্রপ্রেমী কেইকো আজুমা

পৃথিবীতে যে কাউকেই বড় মানুষ হতে হলে এক বা একাধিক মানুষের নিরলস পরিশ্রম ও সহযোগিতার দরকার হয়। জাপানের শীর্ষস্থানীয় রবীন্দ্রগবেষক, বাংলা ভাষা ও বাঙালিপ্রেমী অধ্যাপক কাজুও আজুমা তেমনই একজন। ২০১১ সালে এই কর্মবীর বাঙালিদরদি মানুষটি ৮০ বছর পূর্ণ করার প্রাক্কালে ইহলোক ত্যাগ করেন। সুদীর্ঘ জীবদ্দশায় তিনি এমন একজন জীবনসঙ্গিনীকে পেয়েছিলেন যাঁর মহানুভবতা এবং পতিপরায়ণতা ঈর্ষণীয়। তিনি মাদাম কেইকো আজুমা। স্বামীহারা বার্ধক্যে জবুথবু, তবু তিনি এখনো স্বামীর অক্ষয় স্মৃতি স্মরণ করে বেঁচে আছেন। দাম্পত্যজীবনে যিনি নিরলস, নিরহঙ্কার, সহজসরল একনিষ্ঠভাবে স্বামীর স্বপ্নকে বাস্তবায়নে নিজেকে উত্সর্গ করে দিয়েছিলেন। স্বামীকে সবাই চিনলেও অন্তরালে থাকা স্বল্পভাষী মানুষটিকে সবাই চেনে না বা জানে না বললেই চলে। জানানোর তাগিদও তাঁর নেই। দুজনেই ছিলেন রবীন্দ্রপথের পথিক, রবীন্দ্রমন্দিরে এসে মিলিত হন যৌবনে। তাঁরা টোকিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষানবিশ থাকাকালীন দুজনে কাছাকাছি আসেন এবং পরে বিয়ে করে সংসার গড়ে তোলেন। কাজুও আজুমা ছিলেন ভারতীয় দর্শন ও জার্মান ভাষার ছাত্র। কেইকো আজুমা তথা কেইকো কাসামাত্সু ছিলেন ভারতীয় দর্শনের ছাত্রী। পরে তিনি রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্যের ওপর এমএ ডিগ্রি নেন। তাঁদের দুজনের যোগাযোগের সূত্র হলো বাংলাসাহিত্য আর রবীন্দ্রচর্চা হলো ঘটক। জার্মানি যাওয়ার সুবর্ণ সুযোগ ত্যাগ করে অধ্যাপক আজুমা সস্ত্রীক যান শান্তিনিকেতনস্থ বিশ্বভারতীর জাপানি বিভাগে পড়াতে ১৯৬৭ সালে। তখন চলছে পশ্চিমবঙ্গব্যাপী রক্তক্ষয়ী নকশাল আন্দোলন। অস্থির, রক্ত-দগদগে রাজনীতি ও জনজীবন। শান্তিনিকেতনও আদৌ নিরাপদ নয়। এ ছাড়া সাংস্কৃতিক ব্যবধান-বৈষম্য, খাদ্য-খাবার, ভাষাগত সমস্যা তো ছিলই। কিন্তু সব অসুন্দর আর অন্ধকারকে হাসিমুখে গুরুদেবের নামে তুচ্ছ মনে করে ঠেলে ছুঁড়ে সেখানে জ্বালালেন ভালোবাসার আলো, থেকে গেলেন তিন বছরের বেশি, ভালোবেসে ফেললেন শান্তিনিকেতন, বাঙালি ও বাংলা ভাষাকে দুজনেই এবং গভীর-গভীরভাবে। সেই বন্ধন আর ছিন্ন হলো না। দুজনেই হয়ে উঠলেন পোশাক-পরিচ্ছদে, খাওয়াদাওয়ায় আর সংস্কৃতিচর্চায় বাঙালির চেয়েও বাঙালি। পশ্চিমবঙ্গে আজুমাসানকে চেনেন না, জানেন না—এমন বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী কেউ ছিলেন না। শান্তিনিকেতনের সাঁওতালপাড়াসহ গ্রামে-গঞ্জে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন তিনি, অনেক সময় সঙ্গ দিয়েছেন তাঁর স্ত্রী। দুজনেই গভীর আগ্রহ নিয়ে বাংলা ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, কলকাতা আর বাংলাদেশে। বিগত ৪০ বছরের অধিক দুজনে বাংলাভাষায় রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতিকে জাপানে প্রচার করেছেন। কেইকো মাদাম স্বামী, সংসার ও সন্তান লালন-পালনের মধ্যেও স্বামীর গবেষণায়, নানা কাজে হাত বাড়িয়ে দিয়েছেন, নিজেও কিছু কিছু লিখেছেন, গবেষণা করেছেন। কতবার যে দুজনে কলকাতা ও বাংলাদেশে গিয়েছেন তার হিসেব নেই! ২০০০ সালের দিকে স্বামী অসুস্থ হয়ে পড়লে নিজেই ষাটোর্ধ্ব বয়সে ড্রাইভিং লাইসেন্স তুলে সকাল-বিকাল স্বামীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে, সভাসমিতি, ডাক্তারখানায় যাওয়া-আসা করেছেন। সার্বক্ষণিক স্বামীর সেবা-শুশ্রূষার পাশাপাশি শিক্ষকতাও করেছেন টোকিওস্থ আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের শাখায়। তোওহোও গাকুইন বিদ্যালয়ে বাংলা ভাষা শিখিয়েছেন। শেষের দিকে স্বামী আজুমা যখন লিখতে পারতেন না, তখন কেইকো মাদাম বাংলায় লিখে দিতেন। কী চমত্কার ছাঁদের বাংলা অক্ষর! দু-বাংলার কত যে খ্যাত-অখ্যাত বাঙালি তাঁদের বাড়িতে কেইকো মাদামের স্বহস্তে রাঁধা বাঙালি খাবার খেয়েছেন তার হিসাব নেই। আমার সৌভাগ্য হয়েছে দু-দশকের বেশি তাঁদের সান্নিধ্য ও ভালোবাসা পাওয়ার। কত দিন আমি তাঁদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি বরীন্দ্রনাথ, বাংলা ভাষা ও বাঙালিকে নিয়ে, কথা হয়েছে অনর্গল বাংলা ভাষায়! আজুমা স্যার মাঝে মাঝে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছেন আর রবীন্দ্রসংগীত গেয়ে শুনিয়েছেন কেইকো মাদাম কী নিখুঁত সুরেলা কণ্ঠে! মনে হয় এই তো, সেদিনের কথা! ২০০৬ সাল থেকেই স্বামীর শরীর একেবারে অচলাবস্থায় চলে গেলে শুয়ে শুয়েই তিনি পড়তেন ও লিখতেন সার্বক্ষণিক সহযোগিতায় থাকতেন কেইকো মাদাম। গুরুদেবকে শেষ নমস্কার জানাবেন বলে একটি গ্রন্থ লিখছিলেন, সেটার প্রুফ দেখতেন কেইকো মাদাম। সেটি প্রকাশিত হলো রেইতাকু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালেই ‘তাগো-রু’ বা ‘টেগোর’ নামে। ২০০৭ সালে কলকাতায় উদ্বোধন হলো ‘ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্র:রবীন্দ্র-ওকাকুরা ভবন’ সেটা উদ্বোধন করলেন জাপানের তত্কালীন প্রধানমন্ত্রী আবে শিনজোও। এই বিশাল প্রকল্প অধ্যাপক আজুমার উদ্যোগেই প্রতিষ্ঠিত। সেই রাজকীয় অনুষ্ঠানে প্রচণ্ড অসুস্থ স্বামীকে নিয়ে কলকাতায় গিয়েছেন, যাঁর দুটো কিডনিই ছিল বিকল, ক্ষীণ দৃষ্টিশক্তি, প্রায় নির্বাক এমন মানুষকে নিয়ে সাত হাজার মাইল পাড়ি দেওয়া বার্ধক্যে কতখানি সম্ভবপর, তা প্রমাণ করেছেন কেইকো মাদাম। ২০০৮ সালের দিকে হাসপাতাল হলো অধ্যাপক আজুমার ইহকালের শেষ গন্তব্য; সেখানেও ভোর থেকে সন্ধ্যারাত্রি পর্যন্ত তিনি থাকতেন স্বামীর শয্যাপাশে। রবীন্দ্রনাথের কথা শোনাতেন। শেষদিকে কাউকেই তেমন চিনতে পারতেন না। ওই সময় দুবার দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ডাক্তারের অনুমোদনসাপেক্ষে, কারণ বাঙালি দেখলেই তিনি উত্তেজিত হয়ে পড়তেন আবেগের তাড়নায়। আমার নতুন বই ‘জানা অজানা জাপান’ দ্বিতীয় খণ্ড তাঁকে দেখালে হেসে মাথা নেড়ে ধন্যবাদ জানান। অতিসম্প্রতি এক জায়গায় কেইকো মাদাম লিখেছেন:‘উনি ছিলেন খুব ন্যায়নিষ্ঠ মানুষ। প্রতিটি কাজে তাঁর আন্তরিকতা প্রকাশ পেত। অন্য লোককে সাহায্য করার জন্য সর্বস্ব দিয়ে দিতেও দ্বিধা করতেন না। ...অনেক সময় বলতেন, “পরের জন্মে যেন বাঙালি হয়ে জন্মাতে পারি।” আমার সৌভাগ্য যে ওনার মতো একজন ব্যক্তির সহধর্মিণী হতে পেরেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা, পরের জন্মেও যেন আমার দেখা হয় ওনার সাথে।’ এমন আদর্শ দম্পতি এই যুগে আর কোথায় দেখতে পাই! অধ্যাপক আজুমার তিনটি মহান কীর্তি ১২ খণ্ডে জাপানি ভাষায় রবীন্দ্ররচনাবলির অনুবাদ প্রকাশের সফল উদ্যোগ, ১৯৯৪ সালে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের স্বপ্ন ‘নিপ্পন ভবন’ বাস্তবায়ন এবং ২০০৭ সালে কলকাতায় ‘ভারত-জাপান সংস্কৃতি কেন্দ্র: রবীন্দ্র-ওকাকুরা ভবন’ প্রতিষ্ঠার পেছনে স্বামীকে যিনি অক্লান্তভাবে মানসিক শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি কেইকো মাদাম। ২০০০ সালে অধ্যাপক আজুমার বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’, ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের ‘রবীন্দ্র পুরস্কার’ এবং জাপানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘ক্কোকা কুনশোও’ অর্জনের আড়ালে ঢাকা পড়ে গেছেন যে মানুষটি, অতিসাধারণ বলে সারা জীবন যিনি নিজেকে জানতেন, তিনি কেইকো আজুমা।