অমরা ভ্রমণের রেণুগল্প
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৮:৫৫
কথা তেমনই ছিল ওদের মধ্যে, ব্রেকফাস্ট এক সঙ্গে করবে, একই টেবিলে করবে এবং একজন আরেকজনকে ডেকে নেবে।
লম্বা একটা জার্নি করে ওরা আগের রাত এগারোটা ছুঁয়ে ঢাকা থেকে এসেছে। ঢাকা থেকে দিল্লি, দিল্লিতে ছ-ঘণ্টা বিরতি, সন্ধেয় সেখান থেকে পুনে, পুনে থেকে আবার ঘণ্টা দুয়েকের রোড জার্নি।
অনেকদিন পর ওদের দেখা। এয়ারপোর্টে। বছর তিন তো হবেই। টেলিফোনে কথা হয়েছে কিংবা ম্যাসেজ চালাচালি হয়েছে, তাও বছর দুই হয়। তবে, প্রতিদিন সময় পেলেই একের সঙ্গে অন্যে, বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে তো অবশ্যই, মনেমনে যে কথা বলেছে অথবা কথা না বলে যে ঘুমোতে যেতে পারে নি—সে ভিন্ন কথা।
দুজনকে ওদের এক সঙ্গে মেনে নিতেই হলো—দুজনকেই বাঁচতে হবে এবং দু’জনকেই জীবন শেষ করতে হবে। এক সঙ্গে থাকার স্বপ্ন ওদের স্বপ্নই থাক, তবে সম্পর্ক থাক চিরদিনের। ধরে নেওয়া হোক যে, এমনই হওয়ার ছিল। একজনের পুরোনো সংসার, আরেকজনের নতুন সংসারও তখন হয়নি। তারপরও ওদের মধ্যে অমিলের শেষ নেই। মিল নেই বয়সে, মিল নেই প্রজন্মে, মিল নেই পরিচয়ে ও বিশ্বাসে, পোশাকে ও প্রার্থনায়, মিল নেই খাদ্যে ও গ্রন্থে। একটিই মিল শুধু, একে অন্যকে মনেমনে বলে—আমার যেমন অশ্রু ঝরে তোমার কেন ঝরে না, আমার যেমন জগত কাঁপে তোমার কেন কাঁপে না! আমার যেমন সকল নষ্ট তোমার তেমন হয় না কেন! কিন্তু, এই একটিমাত্র প্রবল মিলের জোরে অনেক সবল অমিলকে যে সমাজে মাড়িয়ে চলা যায় তেমনটি ওদের নয়। না আর্কের না ঊশ্রীর।
এখানে মন চেনা যায়, মনের হাহাকার শোনা যায়, মনের ক্রন্দন ও অসাহায়ত্ব বোঝা যায়, তারপর মনের দাবি পূরণের দাবি পূরণ করতে না পেরে মনকে মেরে ফেলা যায়, অশ্রুশূণ্য ও অশ্রুপূর্ণ ক্রন্দনে ক্রন্দনে আর বেদনে রোদনে ক্লান্ত হওয়া যায়।
এমন একটা অবস্থা অর্ক আর ঊশ্রীকে মেনে নিতে হয়েছে। অবস্থাটি মেনে নেওয়ার দুবছরের মাথায় ওদের দেখা। যারা বলে এবং বলে অনেকটা অজ জাতীয় প্রাণীর মতো—দেখা হবে আর জনমে তাদের মধ্যে অর্কৌশ্রী পড়ে না। ওরা জানে, এ জনমে যা হয়নি, তার আর কোনো জনমেই হবে না। তেমন হয় না এবং তেমন হতে পারে না।
এয়ারপোর্টেই ওরা জানল—যাত্রা ওদের একই দিকে একই বাহনে একই গন্তব্যে একই আয়োজনে এবং একই প্রয়োজনে। পুনে পর্যন্ত জার্নিটা ভালো ছিল, তার পরেরটায় আর কিছুর থাকা না থাকা যেমন-তেমন, বিরক্তি ছিল সবার ওপরে।
হোটেলের চাবি বুঝে নেওয়ার সময় ওদের আরও কয়েকটা বিষয় বুঝে নিতে হলো। ব্রেকফাস্টে সময় সকাল সাড়ে ছয় থেকে সাড়ে দশ। কনফারেন্সের উদ্দেশে শাটল বাস ছাড়বে একবার সাতটায়, একবার সাড়ে সাতটায়, একবার আটটায়।
:আমরা আটটারটিই ধরি, কী বলো?
:তার আগে পারবও না। লম্বা একটা ঘুম দিতে হবে। কাপড়-চোপড় না বদলেই হয়তো পড়ে থাকব মড়ার মতো।
:যা-ই করো আর যা-ই দাও, ব্রেকফাস্টে যাওয়ার সময় কিন্তু ডেকে নিচ্ছ।
:নিচ্ছি। তবে, ফ্রন্ট ডেস্ককে তুমি বলে রেখো একটা ‘ওয়েক-আপ’ কল দিতে।
:সেটা তুমিও তো দিতে পারো।
:আমাকে দেবে কে?
:কে দেয়, দেখো।
পরদিন অর্ক ফ্রন্ট ডেস্কের ওয়েক-আপ কল পাওয়ার আগে, অন্তত পনেরো মিনিট আগে ফোনের ডাক থামিয়ে শুনতে পেল—আর কতক্ষণ?
:উঠছি, উঠে যাচ্ছি।
:আমি কিন্তু প্রায় রেডি। তোমার পাল্লায় পড়ে ব্রেকফাস্টটা মিস করতে চাই না।
তারপরও অর্ক ধ্যাবড়া একটা পদার্থের মতো, মাংসের একটা পিণ্ডের মতো আরামের বিছানার ষড়যন্ত্রী ডাকে পড়ে থাকল। চোখের পাতাও একসময় লেগে এল। এমন অবস্থায় আধঘণ্টারও বেশি সময় কেটে গেল। যখন ঘুম ভাঙল, তখন আরেকজন দরজাটাই প্রায় ভেঙে ফেলতে চাচ্ছে। খটখট, খটখটখট।
‘কামিং’ বলতে বলতে দরজা সে খুলে বসল বটে, পোশাকের দিকে নজর করার বিষয়টি তার মাথাতেই ছিল না। এমনিতে তার মোটা মাথা, তার ওপর আবার ঘুমের মাথা।
সব তার একসঙ্গে মনে পড়ল দরজায় দাঁড়ানো ঊশ্রীকে দেখে।
:এমন করেও ঘুমায় মানুষ। আমার তো ভয়ই ধরে গিয়েছিল।
:সরি! আমি কিন্তু একেবারেই অপ্রস্তুত।
:আগে ভেতরে ঢোকাও। এমন একটা ভাব করছ, যেন লুকোবার অনেককিছুই আছে।
সেদিনের শুরুটা ওদের অন্যরকম হলো। ব্রেকফাস্ট মিস হলো, শাটল বাস মিস হলো। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানও মিস হয় হয় অবস্থায় ওরা ট্যাক্সি নিল। ওঠার মুহূর্তে দরজার পাল্লা ধরে অর্ক ইডিয়টের মতো বলল—ওটা কী হলো? ঊশ্রী একটা ধাক্কায় ইডিয়টটাকে গাড়ির ভেতরে ঠেলে বলল—আগে ঢোকো, তারপর বলছি—এটা কী হলো।
গাড়ির শব্দের তলায় শব্দ রেখে গর্দভটা আবারও প্রশ্ন করল—কী হলো আসলে এটা!
: এবার তোমার জিভটা আমি কেটে রাখব।
:কাটার আগে বলে ফেললেই হয়, কী আসলে হলো এটা। নাই বলা নাই কওয়া!
:ভ্রমণ হলো। ভ্রমণ।
:কিসের ভ্রমণ?
:অমরা ভ্রমণ।