রবীন্দ্রমানসে যাত্রাগান

প্রথমেই রবীন্দ্রনাথের লোকসাহিত্য-প্রীতির একটু আভাস দেওয়া যাক। কবি বলেছেন, ‘যেসব কথা ও গাথা সমাজের অন্তঃপুরে চিরকালের মতন অমরতা লাভ করেছে, দর্শন, বিজ্ঞান ও ইতিহাসের মূল্যবান উপকরণ না হয়ে তারা যায় না। আর স্বদেশকে যারা অন্তরের সঙ্গে ভালোবাসে তারা স্বভাবতই স্বদেশের সঙ্গে পরিচিত হতে চায়, যে পরিচয় ছড়া, রূপকথা, ব্রতকথা ইত্যাদির ভিতর দিয়ে না হলে কখনো সম্পূর্ণতা লাভ করে না।’ মহত্ শিল্পকর্মের পেছনে সক্রিয় থাকে শিল্পীর যুগচেতনা ও ঐতিহ্যচেতনা এবং ক্লাসিক সাহিত্যে গভীর অনুরাগ। বিশ্বের যেকোনো সাহিত্যের মাল-মসলা ও উপকরণ তিনি গ্রহণ করতে পারেন তবে তা আত্মস্থ করে। এ আত্মস্থ কথাটি বাদ দিলে শেকসিপয়র থেকে এলিয়ট-রবীন্দ্রনাথ—তাঁদের মৌলিকত্ব কোথায়? তাঁরা ঐতিহ্যচেতনায় উদ্দীপ্ত হয়েছেন—যুগমানসের উত্তাপ ও জীবনস্পন্দনে পুরাতনকে নতুনের অভিধায় মণ্ডিত করেছেন। ঐতিহ্যকে অবহেলা করে কোনো মহত্ সাহিত্যই সৃষ্টি হতে পারে না। এ জন্যই সেই জিনিস যা এ দেশের এবং বিদেশের প্রাচীনেরা সৃষ্টি করেছিল তাদের যুগের ও দেশের জনজীবনে কুড়িয়ে পাওয়া শৈল্পিক ও সাহিত্যগত উপাদান থেকে। রবীন্দ্রনাথ আরও বলেছেন, ‘মানুষ সামনের দিকে যেমন অগ্রসর হয় তেমনি অনুসরণ করে পিছনের, নইলে তার চলাই হয় না। পিছন হারা সাহিত্য বলে যদি কিছু থাকে সে কবন্ধ, সে অস্বাভাবিক।’ মূলত, লোকসাহিত্যের বিভিন্ন শাখার ভাবসম্পদ থেকে রবীন্দ্রনাথ তাঁর বিশ্বমানবৈক্যের জীবনদর্শন আবিষ্কার করেছেন। কাব্যের বিভিন্ন ছন্দের সংগীতের অপূর্ব রাগরাগিনীর এবং হয়তো চিত্রকলার আঙ্গিকেরও প্রেরণা সঞ্চয় করেছেন। খাঁটি বাংলা ভাষায় জাদুকর স্রষ্টা হয়েছেন তিনি প্রাকৃত বাংলার বিচ্ছিন্ন শব্দলোকে প্রবেশ করে এবং তার শব্দসম্ভার বৃদ্ধির কৌশলকে আয়ত্ত করে। এদিক থেকে বিচার করলে রবীন্দ্রনাথের মধ্যে মানবশিল্পী ও শিল্পচিন্তা এক হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, ‘আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগ-রাগিনীর সঙ্গে আমার জ্ঞাতসারে বাউল সুরের মিল ঘটেছে।’ দুই এবার যাত্রাগানের আলোচনায় আসা যাক। একদিন আমাদের সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক এবং কৃষি কুটিরশিল্পভিত্তিক। মোগল-পাঠান এসেছে—শাসন, শোষণ ও রাজত্ব করেছে, কিন্তু আমরা ছিলেম সেই তাসের দেশের মানুষ। এরপর অনলনিঃশ্বাসীরথে, লৌহবাঁধা পথে এল লক্ষ্মীর বরপুত্র যন্ত্রশিল্পে আশীর্বাদপুষ্ট প্রবল-প্রতাপ ইংরেজ। ইংরেজের আগমনেই আমাদের এ অনড় তাসের দেশে এল আত্মজাগরণ ও মনন-জাগরণ। সেদিন আমাদের এ গ্রামীণ সভ্যতার লোকজীবনে চিত্তলোকের পিপাসা মেটাত যাত্রাগান, পালাগান, জারি-সারিগান, কীর্তন-কৃষ্ণলীলা, মঙ্গলকাব্য, পুথিপাঁচালি, মুর্শিদি ও মারফতি গান। তবে সাধারণ মানুষ যাত্রাগানেই আনন্দ উপভোগ করত সবচেয়ে বেশি। পূজা-পার্বণে, উত্সব-আনন্দে যাত্রাগান সমস্ত দেশকে মাতিয়ে তুলত এবং এর পৃষ্ঠপোষক ছিলেন সামন্ত সমাজ ও জমিদারগণ। যাত্রাগান শুধু উদ্দেশ্যহীন আনন্দের জন্যই ছিল—এ কথা বলা যায় না। জাতির বীরত্ব, গৌরবময় ঐতিহ্য ও ঐশ্বর্য এবং স্বদেশপ্রেমের আবহের উত্তাপে পরিব্যাপ্ত ছিল এ যাত্রাগান। রামায়ণ-মহাভারত ও পৌরাণিক কাহিনি যাত্রাগানের বিষয়বস্তু হলেও ঐতিহাসিক এবং সামাজিক বিষয়ও বাদ যায়নি। যুগমানসের চেতনার আলোকে উপ্ত যাত্রাগান স্বাধীনতা আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। কলকাতা শহরে তখন ধনাঢ্য ব্যক্তিগণ অতীব ঘটা করে যাত্রাগানের আয়োজন করতেন। আর ঠাকুরবাড়িতে তখন স্বদেশি সংস্কৃতিচর্চার আবহাওয়া বইছে তীব্রভাবে। রবীন্দ্রনাথের ভাষায়, ‘বাংলার আধুনিক যুগকে যেন তাঁহারা সকল দিক দিয়াই উদেবাধিত করিবার চেষ্টা করিতেছিলেন। বেশ-ভূষায়, কাব্যে-গানে, চিত্রে-নাট্যে, ধর্মে-স্বাদেশিকতার সকল বিষয়েই তাহাদের মনে একটা সর্বাঙ্গ জাতীয়তার আদর্শ জাগিয়া উঠিতেছিলো।’ ঠাকুরবাড়িতেও তখন যাত্রাগানের আসর বসত—কিন্তু ছোটদের যাত্রাগানে যাওয়া ছিল নিষিদ্ধ। বালক রবীন্দ্রনাথ মাঝে মাঝে চাকরদের সাথে আসরে যেতেন। এসব স্মৃতি রবীন্দ্রনাথ পরিণত বয়সে স্মরণ করে লিখেছেন: ‘আমাদের সময়কার কিছু পূর্বে ধনীঘরে ছিলো শখের যাত্রার প্রচলন। মিহিগলাওয়ালা ছেলেদের বাছাই করে নিয়ে দল বাঁধার ধুম ছিল। আমার মেজ-কাকা ছিলেন এই রকম একটি দলের দলপতি। পালা রচনা করবার শক্তি ছিল তাঁর। ছেলেদের তৈরী করে তোলবার উত্সাহ ছিল। ধনীদের ঘরপোষা এই যাত্রা যেমন শখের তেমনি ব্যবসায়ীদের যাত্রা নিয়েও বাংলাদেশে ছিলো ভারী নেশা। এ পাড়ায় ও পাড়ায় এক একজন নামজাদা অধিকারীর অধীনে যাত্রার দল গজিয়ে উঠতো। ...আমাদের বাড়ীতে যাত্রাগান হয়েছে মাঝে মাঝে। কিন্তু রাস্তা নেই, ছিলুম ছেলেমানুষ। আমি দেখতে পেয়েছি তার গোড়াকার জোগাড়যন্তর। বারান্দা জুড়ে বসে গেছে দলবল, চরিদিকে উঠেছে তামাকের ধোঁওয়া। ছেলেগুলো লম্বা চুলওয়ালা, চোখে কালি পড়া, অল্প বয়সে তাদের মুখ গিয়েছে পেকে, পান খেয়ে খেয়ে ঠোঁট গিয়েছে কাল হয়ে। সাজগোঁজের আসবাব আছে রঙ-করা টিনের বাক্সেয়। দেউড়ির দরজা খোলা, উঠানে পিলপিল করে ঢুকে পড়েছে লোকের ভিড়। চারিদিকে টগবগ করে আওয়াজ উঠছে, ছাপিয়ে পড়ছে গলি পেরিয়ে চিত্পুরের রাস্তায়। রাত্রি হবে নটা; পায়রার পিঠের উপর বাজপাখীর মতো হঠাত্ এসে পড়ে শ্যাম, কড়া পরা শক্ত হতের মুঠি দিয়ে আমার কনুই ধরে বলে, মা ডাকছে, “চলো শোবে চলো।” লোকের সামনে এই টানা-হেঁচড়ায় মাথা হেট হয়ে যেতো, হার মেনে চলে যেতুম শোবার ঘরে। আমার সাড়াশব্দ নেই... ঘুমের ঘোরে মাঝে মাঝে শোনা যাচ্ছে, নাচের তাল সমে এস ঠেকাতেই ঝম ঝম করতাল।’ কিশোর রবীন্দ্রনাথ একবার ‘নলদময়ন্তী’ যাত্রা দেখার অনুমতি পেয়েছিলেন। যাত্রার আসরের কাছে বসে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন ও বৈশিষ্ট্যগুলো দেখার তাঁর এই প্রথম সুযোগ। সেদিনের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন সম্বন্ধে কবি লিখেছেন, ‘একদিকে বসে আছেন বাড়ীর কড়কর্তারা আর যাদের ডেকে আনা হয়েছে; বাকী জায়গাটা যার খুশী যেখান থেকে এসে ভরাট করেছে। থিয়েটারে এসেছিলেন পেটে সোনার চেন-ঝোলানো নামজাদার দল, আর এই যাত্রার আসরে বড়োর ছোটর ঘেঁষা-ঘেঁষি। তাদের বেশির ভাগ মানুষই ভদ্দরলোকেরা যাদের বলে “বাজে লোক”। তেমনি আবার পালাগানটা লেখানো হয়েছে এমন সব লিখিয়ে দিয়ে যারা হাত পাকিয়েছে খাগড়া কলমে, যারা ইংরেজী কপি বুকের মকশো করেনি। এর সুর, এর নাচ, এর সব গল্প বাংলাদেশের হাট ঘাট মাঠের পয়দা করা, এর ভাষা পণ্ডিতমশাই দেননি পালিশ করে। শহরে আজকাল আমোদ চলে নদীর স্রোতের মতো—মাঝে মাঝে তার ফাঁক নেই। রোজই যেখানে সেখানে যখন তখন সিনেমায় যে খুশী ঢুকে পড়ছে সামান্য খরচে। সেকালের যাত্রাগান ছিলো যেন শুকনো গাঙে কোশ দুকোশ অন্তরে বালি খুঁড়ে জল তোলা। ঘণ্টা কয়েক তার মেয়াদ, পথের লোক হঠাত্ এসে পড়ে আজলা ভরে তেষ্টা নেয় মিটিয়ে।’ ওপরের উদ্ধৃতি হতেই বোঝা যায় যে, বাংলার লোকজীবনের সথে যাত্রাগানের কী গভীর সম্পর্ক ছিল। যাত্রাগান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলার নদী-মাটি, জল-হাওয়া ও জনজীবনের হূদ্স্পন্দন হতেই এর উদ্ভব। থিয়েটারে বিভিন্ন পর্দাদৃশ্য ও মঞ্চসজ্জার মাধ্যমে নাটকীয় অভিব্যক্তিগুলোকে ফুটিয়ে তোলা হয়—এমনকি সংলাপে যা প্রকাশ সম্ভব নয়—মঞ্চে আলো-ছায়ায় সে আবহকে পর্যন্ত ফুটিয়ে তোলে। যেমন, হেনরিক ইবসেনের ‘পুতুলের সংসার’ নাটকের একটি দৃশ্যে নোবা স্বামীর ঘর ছেড়ে চলে যাচ্ছে এবং সাথে সাথেই মঞ্চে নেবে এল অন্ধকার। নোবা যে স্বামীর সংসার অন্ধকার করে চলে যাচ্ছে, এ প্রতীকই এখানে রূপ পেয়েছে। কিন্তু যাত্রাগানের এমন মঞ্চসজ্জা বা প্রতীকের কোনো বালাই থাকে না। সমস্ত উঠোনের মধ্যে বা মাঠের মধ্যে থাকে একটি চৌকি এবং এ চৌকিই হলো আসর। এ আসরের চারদিকে থাকে শ্রোতা এবং শ্রোতা ও আসরের মধ্যে সৃষ্টি হয় গভীর একাগ্রতা ও অন্তরঙ্গতা। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন:‘আমাদের দেশের যাত্রা আমার এজন্যই ভালো লাগে যে, যাত্রার অভিনয়ে দর্শক ও অভিনেতার মধ্যে একটা গুরুতর ব্যবধান নেই। পরস্পরের বিশ্বাস ও আনুকূল্যের প্রতি নির্ভর করিয়া কাজটা বেশ সহূদয়তার সহিতও সম্পন্ন হইয়া উঠে।’ রবীন্দ্রনাথ মনে করতেন নাটকে দৃশ্যের পর দৃশ্যপট পরিবর্তনে দর্শকের রসবোধ ও কল্পনাশক্তি এবং নিজে বুঝে নেবার ক্ষমতাকে ব্যাহত করে। অভিনয়কারীরাও নিজের ব্যক্তিত্ব, অভিব্যক্তি, শৈল্পিক বোধ এবং পুরোপুরি অভিনয়কুশলতা সেখানে প্রকাশ করতে পারে না। অভিনয়কারীরা যে ব্যক্তিত্ব অভিব্যক্তি ও সংলাপের মাধ্যমে নাটকের বিষয়বস্তুকে জীবন্ত করে তুলতে পারেন, থিয়েটারে মঞ্চসজ্জা ও আলো-ছায়ার খেলায় সে সুযোগ নেই। এ ছাড়া ভাব, কল্পনা ও সংলাপের মাধ্যমে দর্শকের রসবোধ হতে চিত্রময়তা সৃষ্টি করে যে আনন্দ পান, একেই রবীন্দ্রনাথ সার্থক বলে মনে করেন। এ প্রসঙ্গে কবি বলেছেন, ‘নাট্যোক্ত কথাগুলি অভিনেতার পক্ষে নিতান্ত আবশ্যক। কবি তাহাকে যে হাসির কথাটি যোগান তাহা লইয়াই তাহাকে হাসিতে হয় কবি তাহাকে যে কান্নার অবসর দেন তাহা লইয়াই কাদিয়া সে দর্শকদের চোখে জল টানিয়া আনে। কিন্তু ছবিটা কেন? তাহা অভিনেতার পশ্চাতে ঝুলিতে থাকে, অভিনেতা তাহাকে সৃষ্টি করিয়া তোলে না। তাহা আঁকা মাত্র। আমার মতে তাহাতে অভিনেতার অক্ষমতা, কাপুরুষতা প্রকাশ পায়। এইরূপে যে উপায়ে দর্শকের মনে বিভ্রম উত্পাদন করিয়া সে নিজের কাজকে সহজ করিয়া তোলে, তাহা চিত্রকরের কাছ হইতে ভিক্ষা করিয়া আনা। ...তাহা ছাড়া যে দর্শক তোমার অভিনয় দেখিতে আসিয়াছে তাহার কি নিজের সম্বল কানাকড়িও নেই। সে কি শিশু? বিশ্বাস করিয়া তাহার উপরে কি কোনো বিষয়ে নির্ভর করবার যো নেই। যদি তাহা সত্য হয় তবে ডবল দাম দিলেও এমন সকল লোককে টিকেট বেচিতে নেই।’ রবীন্দ্রনাথ যাত্রার দর্শকের কল্পনাশক্তির স্বাধীনতায় আস্থাবান এবং যাত্রার আদর্শে নাট্যাভিনয়েরও পক্ষপাতী ছিলেন। অভিনয় যদি একটি শিল্প হয়—তবে শিল্পীকে তা হূদয় হতেই ফুটিয়ে তুলতে হবে, বাইরের বস্তু ধার করে নয়। নাট্যাভিনয়ে দৃশ্যের পর দৃশ্য অবতারণা করে অভিনয়কে স্থূল ও প্রাণহীন করে তোলা হয়। আগে সংস্কৃত নাটকে এমন বাহ্যিক দৃশ্যের বাহুল্য ছিল না। তখন দর্শকেরা দৃশ্যের চেয়ে অভিনয়-কৌশলই দেখত, আজ পাশ্চাত্য থিয়েটারের দাপটে অভিনয়-কৌশলের চেয়ে দৃশ্যসজ্জাতেই মন নিবিষ্ট থাকে। এ জন্য রবীন্দ্রনাথ তীব্র বেদনাবোধ প্রকাশ করে বলেছেন, ‘বিলেতের নকলে আমরা যে থিয়েটার করিয়াছি তাহা ভারাক্রান্ত একটা স্ফীত পদার্থ। তাহাকে নাড়ানো শক্ত, তাহাকে আপনার সকলের দ্বারের কছে আনিয়া দেওয়া দুঃসাধ্য। তাহাতে লক্ষ্মীর পেঁচাই সরস্বতীর পদ্মকে প্রায় আচ্ছন্ন করিয়া আছে।’ রবীন্দ্রনাথ তাঁর তত্ত্বনাটক এবং নৃত্যনাট্যে প্রতীক ও ইঙ্গিতধর্মিতার আশ্রয় নিয়েছেন। দৃশ্যের পর দৃশ্য অবতারণা করে কোথাও নাটকের বিষয়কে ভারাক্রান্ত করে দর্শকের চোখে ঠুলি পরাতে চাননি। মঞ্চে বাহুল্য নয়, নাটকের ভাবময়তা, প্রতীক ও ইঙ্গিত বহন করার জন্য কোনো একটি গাঢ় রঙের পশ্চাত্পটকেই রবীন্দ্রনাথ যথেষ্ট মনে করতেন। তাঁর নির্দেশে ‘ফাল্গুনী’ নাটকের অভিনয়ে অবনীন্দ্রনাথ যে দৃশ্যপট অংকন করেন, এখানে তা উল্লেখযোগ্য:‘আগেকার কালের সেই বিসদৃশ বিদেশী নকল তুলে দিয়ে তার জায়গায় পিছনে একটি নীল পশ্চাত্পটই দিয়েছিলেন, সেটি এখনও দেওয়া হয়। তার উপর কেবলমাত্র গাছের ডাল, তার ডগায় একটিমাত্র লালফুল এবং তার উপরে একটিমাত্র ক্ষীণ চন্দ্ররেখা।’ তিন যাত্রাকে রবীন্দ্রনাথ শুধু নিছক আনন্দের জন্যে নয়, লোকশিক্ষা ও চিত্ত-জাগরণের মাধ্যম হিসেবেও দেখেছেন। দেশের অন্ধতা ও কুসংস্কার দূর করার জন্যে লোকশিক্ষায় যাত্রাগান যে একটি প্রধান ভূমিকা গ্রহণ করতে পারে ‘স্বদেশী সমাজ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ তা উল্লেখ করেছেন। জনসংহতি, জনশিক্ষা, পল্লিসংগঠন এবং স্বয়ং স্বতন্ত্র পল্লি-শাসনব্যবস্থা গড়ে তোলার কথাও তিনি ওই প্রবন্ধে ব্যক্ত করেছেন। তিনি আরও বলেছেন, এসব শুধু বক্তৃতার নয়—আনন্দের মাধ্যমে সম্ভব। একমাত্র আনন্দের একটি বিশেষ মাধ্যম হলো যাত্রাগান। কবি তাই দেশে বহুল মেলা ও উত্সব অনুষ্ঠানের কথা বলেছেন। কারণ মেলা ও উত্সব অনুষ্ঠানে লোকসংগীত ও যাত্রাগানের মাধ্যমে লোকজীবনে চিত্ত-জাগরণ আসবে। কবির ভাষায়:‘দেশের হূদয় লাভই যদি চরম লাভ বলিয়া স্বীকার করি, তবে সাধারণ কার্যকলাপে যে সমস্ত চাল-চলনকে আমরা অত্যাবশ্যক বলিয়া অভ্যাস করিয়া ফেলিয়াছি, সে মমস্তকে দূরে রাখিয়া দেশের যথার্থ কাছে যাইবার কোন কোন পথ চিরদিন খোলা আছে, সেইগুলিকে দৃষ্টির সম্মুখে আনিতে হইবে। ...তাহা হইলে আমরা বিলাতী ধাতের একটা সভা না বসাইয়া দেশী ধরনের একটা বৃহত্ মেলা করিতাম। সেখানে যাত্রাগান-আমোদ-আহ্লাদে দেশের লোক দূর দূরান্ত হইতে একত্র হইত। ...সেখানে ভালো কথক, কীর্তন গায়ক ও যাত্রার দলকে পুরস্কার দেওয়া হইত। ...আমরা বিশ্বাস করি, ঘুরিয়া ঘুরিয়া বাংলাদেশের নানা স্থানে মেলা করিবার জন্য যদি একদল প্রস্তুত হন, তাহারা নূতন নূতন যাত্রা, কীর্তন, কথকতা রচনা করিয়া, সঙ্গে বায়োস্কোপ, ম্যাজিক, লণ্ঠন, ব্যায়াম ও ভোজবাজির আয়োজন লইয়া ফিরিতে থাকেন, তবে ব্যয়-নির্বাহের জন্য তাহাদিগকে কিছুমাত্র ভাবিতে হয় না।’ পল্লিসংগঠন ও পল্লি-উন্নয়নকে রবীন্দ্রনাথ দেশের উন্নতির সবচেয়ে বড় কাজ মনে করতেন। দেশের প্রাণ যে পল্লিজীবনের কেন্দ্রে নিহিত, তা-ও তিনি মনেপ্রাণে উপলব্ধি করেছেন এবং বিভিন্ন ভাষণে উল্লেখ করেছেন। দেশের নেতারা যখন স্বরাজের জন্য বক্তৃতার ঝড় তুলেছেন তখন তিনি এ উচ্ছ্বাসের কড়া মদ পান না করে পল্লিসংগঠন ও লোকশিক্ষার দিকে নজর দিয়েছেন। কারণ তিনি জানতেন দেশের অশিক্ষা, অজ্ঞতা ও কুসংস্কার দূর করতে না পারলে প্রকৃত স্বরাজ কখনো আসবে না। যাত্রাগানের মাধ্যমে যে অজ্ঞতা ও অশিক্ষা দূর করা সম্ভব, রবীন্দ্রনাথ সেদিকেও ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমাদের চাষা-ভুষারা যাত্রার দল ও কথক ঠাকুরের কৃপায় জ্ঞানশিক্ষায় সকল দেশের অগ্রগণ্য। ...আমি কিন্তু সবচেয়ে কম করিয়াই বলিতেছি, কেবলমাত্র লিখিতে পড়িতে শেখা। আপাতত এই যথেষ্ট, কেননা এই বাস্তবটা না হইলেই মানুষ আপনার কোণে আপনিই আবদ্ধ হইয়া থাকে। তখন তাহাকে যাত্রা কথকতার যোগে সাংখ্য, যোগ-বেদান্ত, পূরাণ, ইতিহাস সমস্ত শুনাইয়া দেওয়া যাইতে পারে।’ চার রবীন্দ্রমানসে প্রথম থেকে শেষ পর্যন্ত যাত্রার বিবেকের গানের সুরের প্রভাব গভীর আবহে ব্যাপ্ত। প্রথমজীবনের নাটকগুলোতে এ প্রভাব অতীত প্রত্যক্ষ। শুধু রবীন্দ্রনাথ কেন, হিন্দু মেলার মাধ্যমে (১৮৬৭-এপ্রিল) সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সংগীত এবং কর্মাদর্শে দেশকে পূর্ণ স্বদেশি করে তোলার জন্যে ঠাকুরবাড়ির নব্য যুবকদের মধ্যে স্বাদেশিকতার সব জোয়ার এসেছিল এবং এ মেলার জন্য রবীন্দ্রনাথ ও অন্যান্যরা যে সমস্ত গান রচনা করেছিলেন, এতে যাত্রার বিবেকের সুর বিশেষভাবে পরিলক্ষিত হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুরের ‘মিলে সব ভারতে সন্তান, একতান, মনপ্রাণ’, গগনেন্দ্রনাথ ঠাকুরের ‘লজ্জার ভারত যশঃ গাহিবে কি করে’ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘মলিন মুখচন্দ্রিমা ভারত তোমার’—এ সমস্ত গানের গম্ভীর ও বীরধর্মী সুরে যাত্রার বিবেকের গানের সুরই প্রাধান্য পেয়েছে। হিন্দু মেলার পর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও রাজনারায়ণ বসুর চেষ্টায় ‘সঞ্জীবনী’ সভা (১৮৭৫-নভেম্বর) প্রতিষ্ঠিত হয়, এর উদ্দেশ্য দেশমুক্তির জন্যে গোপন বিপ্লবাত্মক প্রচেষ্টা। রবীন্দ্রনাথ এ সভার জন্যে উদ্ধৃত গানটি রচনা করেন, ‘এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,/ এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন।/ আসুক সহস্র বাধা বাঁধুক প্রলয়,/ আসুক সহস্র প্রাণ রহিব নির্ভয়।’ এর সুরে ইংরেজি গানের সুরের আধিক্য হলেও যাত্রার বিবেকের গানের সুরের বলিষ্ঠতা, উদ্দামতা এবং প্রাণময়তাও কম নয়। ‘বাল্মীকি প্রতিভা’ ও ‘কালমৃগয়া’ রবীন্দ্রনাথের প্রথম দিকের দুটি গীতিনাট্য রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত। দুটি নাটকেই আমরা যাত্রার প্রত্যক্ষ প্রভাব লক্ষ করি। রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, ‘দেশী ও বিলাতী চর্চার মধ্যে বাল্মীকি প্রতিভার জন্ম হইল। ইহার সুরগুলি অধিকাংশই দেশী।’ মূলত ‘বাল্মীকি প্রতিভা’য় বিলেতি সুরের আঁচ থাকলেও যাত্রার বিবেকের গানের উদ্দামতা নেচে উঠেছে। যেমন ডাকাতদের গানে, ‘এক ডোরে বাঁধা আছি মোরা সকলে/ না মানি বারণ, না মানি শাসন,/ না মানি কাহারে।’ পরবর্তীকালে রবীন্দ্রনাথ অনেক স্বদেশি গান রচনা করেছেন। স্বদেশি আন্দোলনেও তাঁর মন কেন্দ্রীভূত ছিল জনচিত্ত জাগরণে এবং আত্মপ্রত্যয় ও স্বাবলম্বনে। কবি এ-ও জানতেন যে, জনগণের প্রাণের সুর লৌকিক সুর। স্বদেশি গানকে এ লৌকিক সুরে না ঢাললে জনচিত্তে উত্তাপ সৃষ্টি হবে না। তাই তিনি সে সময়কার স্বদেশি গানগুলোকে যাত্রার বিবেকের গানের সুরের উদ্দামতায় বলিষ্ঠ, তেজোময় ও প্রাণময় করে তুলেছেন। কয়েকটি গানের উল্লেখ করব এখানে:‘আমি ভয় করবো না, ভয় করবো না,/ দুবেলা মরার আগে মরবো না ভাই/ মরবো না।’, ‘আজি বাংলাদেশের হূদয় হতে কখন আপনি/ তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী।’, ‘সর্ব খর্ব তরে দহে হে তব ভৈরব,/ শক্তি দাও ভক্ত পানে চাহো।’, ‘এবার আর দেরী নেই ধরগো তোরা হাতে হাতে ধরগো,/ এবার দিতেও হবে নিতে হবে, সামনে মিলন স্বর্গ।’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে...’, ‘ও আমার দেশের মাটি...’—এই গানগুলোতে যে লৌকিক সুর তথা যাত্রার বিবেকের সুরই প্রাধান্য পেয়েছে, তা আর আলোচনার অপেক্ষা রাখে না। এখানে উল্লেখ্য, রবীন্দ্রনাথ যাত্রার বিবেকের গানের সুরকে অবিকল গ্রহণ করেননি। দীর্ঘকালের জাতীয় ঐতিহ্যের ধারাকে তিনি আত্মস্থ করে যুগমানসের চেতনা ও স্পন্দনে মৌলিকতার উত্তাপে প্রাণবন্ত করে তুলেছেন। পাঁচ রবীন্দ্রনাথ শুধু যাত্রার বিবেকের গানের সুরই গ্রহণ করেননি, তাঁর নাটকের বিভিন্ন চরিত্রেও বিবেকের প্রভাব লক্ষ করা যায়। ‘প্রায়শ্চিত্ত’ ও ‘মুক্তধারা’র ধনঞ্জয় বৈরাগী, ‘রাজা’র ঠাকুরদা এবং ‘অচলায়তন’-এর দাদাঠাকুরের কথা এখানে উল্লেখযোগ্য। বিবেক সহজ, সরল, উদারচিত্ত, মানবদরদি, অনাড়ম্বর চরিত্রের লোক, কিন্তু ন্যায়ের প্রতিষ্ঠাতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে দৃঢ়চেতা, আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ মানসিকতায় উদ্দীপ্ত। সে মুক্তমনা ও মুক্তযোদ্ধা। যেমন, রাজার ঠাকুরদাদা সর্বমানবের আত্মিক যোগে বিশ্বেশ্বরকে উপলব্ধি করতে চান—এ জন্যই রানি সুদর্শনার সংকীর্ণতার বিরুদ্ধে তাঁর সার্থক অভিযান। ‘অচলায়তন’-এর দাদাঠাকুর যুগ যুগ ধরে মানুষের গড়া সমাজজীবনে অর্থহীন আচার-অনুষ্ঠানের অচলায়তনকে ভেঙে দিয়েছে। ‘মুক্তধারা’র ধনঞ্জয় বৈরাগী মানবমন্ত্রে দীক্ষিত এক উদারচেতা ও নির্ভীক পুরুষ এবং সহায়হীনের পক্ষে প্রতিবাদী বিবেকী কণ্ঠ, প্রজাপীড়ক স্বেচ্ছাচারী রাজার বিরুদ্ধে জনগণকে জাগ্রত করেছে এবং রাজার সম্মুখে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। এখানে আরও উল্লেখযোগ্য যে রামায়ণ, মহাভারত, পৌরণিক ঐতিহাসিক কাহিনি অবলম্বনে যাত্রার বিবেক চরিত্রে যে নীতিবোধ কাজ করেছে রবীন্দ্রনাথ তা যুগমানসের চেতনার উত্তাপে রঞ্চিত এবং সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার আবহে রূপায়িত করে বৈচিত্র্য এবং নতুনত্ব দান করেছেন। ছয় অন্তর্দ্বন্দ্বই রবীন্দ্রনাথের নাটকের মৌলসত্তা বা প্রাণসত্তা এবং তাঁর অধিকাংশ নাটকই সংগীতধর্মী, ভাবপ্রধান ও আত্মস্পন্দনজনিত বিশ্লেষণাত্মক। এ সংগীতধর্মিতা, ভাবপ্রাধান্য ও আত্মস্পন্দজনিত বিশ্লেষণের জন্যে কাহিনি, চরিত্র সৃষ্টি ও সংলাপে তাঁর নাটকে যাত্রায় আবেগধর্মী প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। আগেই বলেছি, যাত্রায় মঞ্চসজ্জা থাকে না, থাকে না কোনো আলো-ছায়ার খেলাও। তাই চরিত্র ও নাটকীয় আবেদন ফুটিয়ে তোলার জন্যে সংগীত ও ভাবধর্মিতার একান্ত প্রয়োজন। রবীন্দ্রনাথের নাটকেও আমরা এই আবহ ব্যাপ্ত হতে দেখি।