মজলুম জননেতার কথা
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৮:৫৭
ভাসানী কাহিনী
সৈয়দ আবুল মকসুদ
প্রচ্ছদ :শিবু কুমার শীল
আগামী প্রকাশনী
পৃষ্ঠা :১২৮, মূল্য :২৫০ টাকা
পড়তে পড়তে মনে হলো, এই গল্পটি এখনই কোনো এক বন্ধুকে ফোনে জানিয়ে দিই। পরক্ষণেই দেখি—আরে, এটা কেন বাদ যাবে? এভাবে নানা কৌতূহল আর ভেতরে-বাইরে অভিন্ন মওলানাকে টুকরো টুকরো স্মৃতিকথার মাধ্যমে আরও একটু কাছ থেকে জানা এবং কৌতুকদীপ্ত নানা ঘটনার মজা নিতে নিতে বইটির শেষ পাতা অবধি পৌঁছানো গেল; ক্লান্তি আর বিরতিহীনভাবেই।
তিনি বহুগুণে গুণান্বিত এক মহান পুরুষ। এত গুণ, এত বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী জাতীয় নেতা বাঙালির ভাগ্যে খুব কমই জুটেছে। জনপ্রিয় নেতা হয়তো অনেক পাওয়া যাবে, কিন্তু উপমহাদেশে জাতীয় পর্যায়ের মহান নেতার সংখ্যা প্রতুল নয়। সেই অপ্রতুল নেতাদের একজন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাই তো তাঁকে—মানুষ ভাসানী, পরিবেশ সচেতন কৃষকনেতা ভাসানী, অসহায়-গরিব-সরলসোজা খেটে খাওয়া মানুষের আপনজন ভাসানী, পির ভাসানী, জাতীয় নেতা ভাসানী—নানাভাবেই ভাবা চলে। তবে এককথায় তাঁকে বলতে হয়—মজলুম জননেতা ভাসানী।
তাঁর ঘটনাবহুল দীর্ঘ জীবনে তাঁকে কাছ থেকে দেখেছে অগণিত মানুষ। এর কিছু স্মৃতির ফুল সংগ্রহ করে মালা গেঁথেছেন স্বনামধন্য লেখক সৈয়দ আবুল মকসুদ তাঁর ‘ভাসানী কাহিনী’তে। অনেকের স্মৃতিচারণায় উঠে আসা এই টুকরো কাহিনিগুলো শুধু আকর্ষণীয়ই নয়, মওলানার জীবন ও রাজনীতি বোঝার জন্য এর গুরুত্ব অপরিসীম। অর্থাত্, ব্যক্তি ও রাজনীতিবিদ ভাসানীকে জানতে এটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। কেবল পাঠক-অনুরাগী নন, গবেষকদের জন্য এ গ্রন্থটি আলোর উত্স হয়ে রইবে।
‘ভাসানী কাহিনী’তে স্মৃতির গুচ্ছ গুচ্ছ তারায় ভাসানীর সঙ্গে সঙ্গে উঠে এসেছে নানা ঘটনা ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত নানা ব্যক্তি ও বিষয়ের সংক্ষিপ্ত বর্ণনা। এখানে যেমন ভাসানীর খাদ্যাভ্যাস, বাড়িঘর, রাজহাঁসের মাংস ও নৌকায় সংগীতানুষ্ঠান, মওলানার পাঞ্জাবির পকেটে মাছ, আমস্টার্ডামে মওলানা ও এক টিন মুড়ি, কাঁঠালের জুস, গো-খাদ্যের জন্য অস্থিরতা, মওলানা লাকড়ি চেরাই করেন—ইত্যাদি ব্যক্তি-মওলানা সর্ম্পকিত স্মৃতিকথা তেমনি ওয়াজ মাহফিলে শোষকবিরোধী বক্তৃতা, গোবিন্দ দেব ও মুসলিম দর্শন, এসডিও বেল ও ভাসানী, ইয়াহিয়া ও ২৮ গ্যালন মদ, সাদা নৌকা, একরাতে ৬ মাইল সড়ক নির্মাণ, মোনায়েমের লোকদের কালো পতাকা, ভাসানী-ইয়াহিয়া বৈঠক :এলুসিড বার্ড, এক ঘণ্টার মোনাজাত, আতাউর রহমানের নামাজ ও বাংলা ভাষা, বন্দুকঅলাদের চেয়ে ভালো, গোলটুপি আর লালটুপি, কবিদের সঙ্গে মওলানা, ইসলামী সমাজতন্ত্র সমাজতন্ত্রই, সবচেয়ে বড় সাম্যবাদী আমার প্রফেট, আমি সেন্ট হতে চাইনি ইত্যাদি রাজনীতি ও সমাজসর্ম্পকিত স্মৃতিকথা উঠে এসেছে।
প্রাজ্ঞ এ নেতার বিভিন্ন অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দূরদৃষ্টিতে উঠে এসেছে বিভিন্ন বিষয়ে তাঁর দেওয়া ভবিষ্যত্-বাণীর যথার্থতা। যেমন—মোনায়েম খাঁ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘মোনায়েম বাংলার মানুষের সঙ্গে বিট্রে করেছে। সে আইয়ুব খানের গোলামী করতে গিয়ে বাংলার মানুষকে পশ্চিম পাকিস্তানের গোলাম বানাতে চায়। বাংলার মাটিতে তার করব হবে না।’ মওলানার কথা খেটেছিল। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে তিনি শাহ আব্দুল করিমকে আশীর্বাদ করে বলেছিলেন, ‘একাগ্রতা ধরে লাখতে পারলে তুই একদিন অনেক বড় নামকরা পল্লীগানের শিল্পী হবি। আমি তোরে দোয়া করলাম। দেখবি আমার কথা সফল হবে। তুই খুব নাম করবি।’ ওই সম্মেলনে তিনি আরও বলেছিলেন, ‘পাকিস্তানী শাসকরা যেভাবে অন্যায়-অবিচার ও শোষণ করছে তাতে বাংলার মানুষ পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না। তারা তাদের সালামালেকুম জানাবে। বাংলাদেশ স্বাধীন হবে।’ তাঁর এ কথাও ফলেছে। এবং তিনি যখন জামায়াতে ইসলামীর নেতা মওদুদী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘সে আমেরিকার লোক, আমেরিকার পক্ষেই কাজ করে, আমেরিকাতেই তার মৃত্যু হবে।’ তখন অনেকেই মনে করেছিল, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা হয়তো মওলানার আক্রোশমূলক বক্তব্য বা কথার কথা। কিন্তু শেষপর্যন্ত তাঁর ওই বাণীও যথার্থ প্রমাণিত হয়। আবার সোভিয়েত রাশিয়ার আমলাতন্ত্রের খপ্পরে পড়া, এশিয়া-আফ্রিকার নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে পথ দেখাতে ব্যর্থতা, অযোগ্য নেতাদের আগমন ইত্যাদি বিষয়ে ১৯৭৩ সালে দুঃখ আর ক্ষোভ প্রকাশের একপর্যায়ে মওলানা বলেছিলেন, ‘তোমরা জানিয়া রাখ, আমি বাঁচা থাকি বা না থাকি, থাকব তো না-ই, আগামী পনের-ষোল বছরের মধ্যে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া ভাঙিয়া যাইবে...। সোভিয়েত ইউনিয়নের আয়ু আর বড়জোর পনের-ষোল বছর।’ এসব ঘটনা প্রমাণ করে, ভবিষ্যত্ উপলব্ধি করার মতো আশ্চর্য এক স্বচ্ছ-দৃষ্টি ও প্রজ্ঞা তাঁর ছিল।
‘ভাসানী কাহিনী’তে উঠে এসেছে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিব, অলি আহাদ, আব্দুল মতিন, রণেশ মৈত্র, ইয়াহিয়া খান, আইয়ুব খান, মোনায়েম, জয়নুল আবেদিন, কামরুল হাসান, সুফিয়া কামাল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী আব্দুল ওদুদ, প্রবোধকুমার সান্যাল, গোবিন্দ দেবসহ বহু রাজনীতিক, বুদ্ধিজীবী, কবি, গায়ক, শিল্পী, সাংবাদিক ও খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে মওলানার নানা স্মৃতিকথাসহ বিভিন্ন প্রসঙ্গ।
সংগ্রাহক সৈয়দ আবুল মকসুদের খেদ, ‘জাতীয় জীবনের রাজনীতির অঙ্গনে মওলানা ভাসানী আজ অবহেলিত। দুর্বৃত্তায়িত রাজনীরি পৃষ্ঠপোষকদের কাছে তাঁর প্রয়োজন ফুরিয়ে গেছে। মনে রেখেছে তাঁকে সাধারণ মানুষ।’ তিনি দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘মওলানা ভাসানী যেসব বাড়িতে থাকতেন সেসব পরিবারের মানুষ তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন। দুর্ভাগ্যবশত কোনো লেখক-সাংবাদিক-গবেষক তাঁদের থেকে তা জানার প্রয়োজন মনে করেননি। তা করা হলে ব্যক্তি ও মানুষ ভাসানী সম্পর্কে অনেক কিছু জানা যেত।’
‘ভাসানী কাহিনী’ বইটি সম্পর্কে তিনি নিজের মূল্যায়ন করেছেন এভাবে, ‘বিষয়বস্তুর দিক থেকে এটি একটি গবেষণামূলক বই, এর উপাদান গবেষণার—প্রকরণ গবেষণাধর্মী নয়, লেখা হয়েছে সহজপাঠ্য করার উদ্দেশ্যে।’ তবে এ প্রসঙ্গে বলে রাখি, স্মৃতিকথাগুলোর সূত্র উল্লেখ থাকলে পাঠকের জন্য তা আরও লাভজনক হতো। আশা করি, পরবর্তী সংস্করণে বিষয়টি সংযুক্ত হবে।
আগামী প্রজন্মকে ত্যাগ-সহনশীলতা-বীরত্ব আর মনুষ্যত্বের শিক্ষা দিতে মওলানা ভাসানীসহ সকল মহান জাতীয় নেতার জীবন ও কর্মের ওপর যত আলোকপাত করা হবে, নবপ্রজন্মের সামনে যতখানি তা উপস্থাপন করা হবে, ততটাই আমাদের কল্যাণ, দেশের কল্যাণ, নতুনদের কল্যাণ। এই ধারা অব্যাহত থাকুক।