ফেরা

শার্ট-প্যান্ট পরে এখন প্রস্তুত শামীম। ব্যাগটা গুছিয়েছে রাতেই। ছটফট করছে উঠানে, বারান্দায়; রাস্তা বেয়ে পুকুরঘাট পর্যন্ত। শহরে যেতেই হবে আজ। ইউনিভার্সিটি বন্ধ থাকলেও সংগঠনের আলোচনাটা খুবই জরুরি। পদটা এবার দখল করতেই হবে। নেতা কথা দিয়েছে, ব্যবস্থা একটা করবে। ব্যবস্থাটা হলেই পেয়ে যাবে কাঙ্ক্ষিত বস্তু, যা তার অনেক দিনের স্বপ্ন। কিন্তু আব্বা হাট থেকে ফিরছে না কেন? তার মাও স্বামীর ওপর ক্ষেপে আগুন। সেটি কথাবার্তা ও সাংসারিক কাজে ফুটিয়ে তুলেছে অনেকটা। জোরে রাখতে গিয়ে, মাটির ঢাকনাও ভেঙেছে একটি। হেঁসেল ঘরে সকাল থেকেই চলছে তালপিঠা তৈরির ধুম। বড় ও মেজ মেয়েকে ওই কাজেই এনেছে। ছোট মেয়ের বাড়িতে বড়ার সাজ দেবে, তাই। সেটিও আটকে আছে নতুন হাঁড়ির অভাবে। ধানের চারা নিয়ে হাটে গেছে শামীমের আব্বা। চারার দামও বেড়েছে ভালোই। দাম তো হবেই, বীজধানেরই তো ছিল আকাশছোঁয়া দাম। আর সে জন্যই তুমুল বর্ষার মধ্যেও হাটে গেছে চার মাইল কাঁচা পথ টপকে। চারা বেচে হাট-বাজার বলতে ওই বড়া সাজের সিলভারের দুটি হাঁড়ি। আর বাকি টাকা শামীমের শহর-যাত্রার জন্যে। চার ভাই-বোনের মধ্যে শামীম ছোট, একমাত্র পুত্রসন্তান। পুত্রের হিসাব মেলাতেই সন্তানের সংখ্যা এই চারে ঠেকা। তাতে দুঃখ নেই হাফিজের। সুখ পায় সন্তানের আগামী ভেবে। সর্বোচ্চ খুইয়ে হলেও ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়র কিংবা বড় কোনো অফিসার বানাবে। সেভাবে চলছিল সবকিছু। ছেলে তার দুই হয়নি কখনো। ক্লাসে আগের বেঞ্চিতে বসে; পরীক্ষার খাতাতেও থাকে আগে। হাফিজের এটা বড় সুখ। এ সুখ চায়ের নেশা ধরায়। যতটা চায়ের, তার অধিক দোকানের। প্রতি সাঁঝে প্রতি সকালে। দোকানে প্রসংশা হয় ছেলেকে নিয়ে। কখনোসখনো সে দূরের স্টলেও যায়। যেখানে স্কুলের এক শিক্ষক বসে। সেখানের প্রসংশা একেবারে সরাসরি। হাফিজ মিয়া কথা তেমন বলে না; মুচকি হাসে। হাঁটুর ওপর পা তুলে মৃদু কাঁপন তোলে তাতে। মিষ্টি জর্দাতে পান চিবায়। পিক ফেলে কায়দা করে। আর দোয়া চায় সবার কাছে; ছেলেকে যেন বড় কিছু বানাতে পারে। মাঝবয়সেও শরীরের তাগদ কমেনি লোকটার। নেংটি ঠুকে নেমে পড়ে হাঁটু কাদা-পানিতে। লাঙলের ভাঁওড় ঠিক চিনে ফেলে স্বপ্ন আঁকা চোখে। দুপুরের ঠা ঠা রোদ, ঘুঘুর ডাক, ক্লান্তি, ক্ষুধা সবকিছুকে ভেংচি কাটে হাফিজ—এই তো আর কদিন। ছেলের পড়া শেষ করতে যা দেরি। তারপর নির্ঘাত বাবুগিরি। শামীমের ব্যস্ততা বেড়েই চলে। বাপের ওপর রাগটা চাঁদি ফেটে বের হবে যেন। রক্ত বলক দিয়ে ওঠে বারবার। কেন যে ফকিন্নির ঘরে জন্ম হলো তার। আনমনে দাঁত পিষল। অবশেষ মায়ের ওপর নিল একচোট—কিসের এমন সংসার করিস, হ্যাঁ? কিছু টাকাও হঁটায়া থুতে পারিস না? —হামার কি ইচ্ছা হয় না মুনে করিস? ডিম-ডামও কি বেচি না কুনোদিন? কোইলজার ভেতর থুলেও তো মানুষটার হাত ঢুকে। দিন-রাত হাড়-মাঁস কালি করি তবে কার ক্যানে, তুই কি হামার শত্তুর? মিনমিনিয়ে কাঁদতে লাগল শামীমের মা। এই হলো তোদের এক দোষ, সুযোগ পেলেই ফ্যান ফেলিস। চোখের পানি মুনে হয় আমার রাস্তা খাটো করবে! ভাল্লাগে না...। শামীম সরে গেল মায়ের কাছ থেকে। মাও বোধহয় রাস্তার দিকে এগিয়ে গেল। স্বামীকে এগিয়ে নিতে নয়, রাগের ঝাল ঢালতে। শামীম ঘড়ি আগেও দ্যাখেনি, তা নয়। তবে এখন ঘনঘনই দেখছে। ইস, আলোচনাটা নির্ঘাত মিস হবে। দাঁতে দাঁত পিষল । ঘড়ি থেকে চোখ তুলতেই বাপকে দেখতে পেল। স্বস্তি পেল মনে মনে। স্বস্তি পেল তার মা। নেংটি মেরেই বাড়িতে ঢুকল শামীমের আব্বা। ভিজে একাকার। ছাতা নিয়ে যায়নি। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। জোরে নয়। টিপটিপ করে। পুকুরঘাটে হাত-পা ধুয়েই আসতে পারত। কিন্তু আসেনি। কোমর হতে পা পর্যন্ত কাদায় একাকার। দু-পায়ে জুতোর মতো একগাদা। কাঁধের একটু নিচেও কয়েক ছোপ। কোথাও বোধহয় পড়ে গিয়েছিল পা পিছলে। হয় ভার বয়ে যাবার সময়, নয়তো আসার সময়। কিন্তু লোকটার ভাজা পটল চেহারা কারোরই চোখে পড়ল না। মনে পড়ল না সকাল থেকে বাসিমুখে আছে লোকটা। কোনো ভূমিকা ছাড়াই বলে বসল শামীম—আব্বা, আমার একদম সময় নেই। বলে বসল তার মা—বালি হাঁড়িডা কুন লাটের হাতত দিজেন যে অ্যাগোনো দিয়া গ্যালো না। বউ আর ছেলের কথা শুনে খ্যাপা বেজির মতো খ্যাক করে উঠল লোকটা—তুই রে তো ওই আর ওই। তামান দিক ডুইব্যা যাওজে চোগত পড়ে না, বিজনডা কিনবে কে শুনি?’ তবুও কথার ঝাল টেনে বউ বলল—ক্যান, দুনিয়াডা মাইরা খাইজু না কি, দুইড্যা হাঁড়ির ট্যাকাও জুটল না। কেউ ধার-টারও দিল না?’ তুই সম্বোধন করতেও ছাড়ল না। একটু দম নিয়ে আবার শুরু করে। —হাঁড়িডা না হয় গ্যালো, কিন্তু ব্যাটার ট্যাকাডা তো জরুলি; সেডাও হইল না?’ যদিও হাঁড়ির তাগিতটাই তার বেশি। —হইজে, হইজে। তুইরে থাইকা হামার চিন্তাডাই বেশি। দুইডা বড়া দে দেগি, দেহত বল জিনিসটাই নাই। বাপরে, কাদার মধ্যে হাঁটা।’ বউয়ের কথায় যতটা রাগবার কথা, ততটা রাগল না। শুধু টানপেড়ে টানপেড়ে কথাগুলো বলল শ্লেষ্মা জমা রোগীর মতন। এঁটেল মাটির বরেন্দ্র এলাকার পথ। কম হলে কথা ছিল। পুরো চার মাইল। টানা পাঁচ দিনের বৃষ্টিতে মাটির ঘনত্ব যা ইচ্ছা তাই। পায়ে পায়ে পিছলে হয়ে একাকার। আঙুল টিপে পা রাখলেও সুড়সুড় করে দৌড় মারে। পাঁচ ধাপ দিয়ে তিন ধাপ এগোনো যায়। এমন দিনে জোয়ান মদ্দেরও সাহস কিছুটা গুটিয়ে থাকে। একান্ত দায়ে না পড়লে ঘর-বারান্দা ছাড়ে না কেউ। নব বিবাহিতা তো দূরের কথা, ষাট বছরের বৃদ্ধও বউয়ের কাছে অকর্মা উপাধি পায়। চাল ভাজা চিবাবে, ঠান্ডা পানি ঢকঢক করে গিলবে, তবুও কাজে যেতে রাজি নয়। বউয়ের দশ কথা শুনবে মুখ বুঁজে। কিছুটা প্রেমিকও সাজে বটে। এদিকে শামীমের বাপ ষাট পেরিয়ে ছয় মাস। তার ওপর নিজেই বয়ে নিয়ে গেছে চারার ভার। মেজ মেয়ে এক থালা বড়া নিয়ে আসছিল। হেঁসেল থেকে বেরোতেই তার মা হ্যাঁচকা টানে কেড়ে নিল। পড়ে গেল তিনটি বড়া। থালাটি রেখেও দিল না। স্বামীকেই দিল; থ্যাকনা মারা করে। হজম করার ক্ষমতা আছে লোকটার। এত কিছু দেখেও যেন কিছুই দেখল না। তাড়াহুড়ো করে খেতে লাগল। এ যেন খাওয়া নয়, গলাধঃকরণ। তবে বউয়ের কথার ঝাল, ছেলেকে টাকা না দেওয়ার ব্যর্থতা—সবমিলে বড়ার স্বাদ তেতো করে তুলল। গতরাতেই শামীম বলেছে, শহরে তাকে যেতেই হবে আজকে। তা ছাড়া পড়াশোনার বড়ই ক্ষতি হবে। অর্থাত্, তার জীবনটা এভাবেই কাটাতে হবে; ধড়ফড় করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পর থেকেই নানা কথা ভাসে বাপের মনে। মোড়ের দোকানটাও গরম করে তুলত অনেক সময়। ছেলে বের হতে যা দেরি। পায়ের ওপর পা তুলে খাবে তখন। দোকানিকেও বলেছে, নাও হে আর কদিনই বা চোখ রাঙাবে, বাকির খাতা আর থাকবে না। তখন আফসোস করবে, বাকি নিয়ে কথা শুনাবার জন্য। বউয়ের ফুটো শাড়ির দিকে তাকিয়ে ফেঁদেছে নতুন স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন খেলা চলে সারাক্ষণ। একটা শেষ না হতেই আর একটা এসে গিট্টি বাঁধে তার সাথে। ভর্তি করিয়ে আট বছর হলো। আর তখন থেকেই চলছে এই স্বপ্ন স্বপ্ন খেলা। বর্তমানে স্বপ্নগুলো কতকটা একঘেয়েমি হয়ে গেছে। জাবরকাটা করে বড়া চিবালেও রস আসে না। বড়া নয়, মুখভর্তি ধানের খোসা, তুষ। ওপর দিকে চোখ করতেই চড়ুইয়ের বাসাটা চোখে পড়ল। হেঁসেলের কোনায় বাসা বেঁধেছে তারা। বাচ্চা ফুটেছে তিনটি। বৃষ্টির মাঝেও মা-পাখিটার আরাম নেই। দুর্দিনেও তিনটি মুখের খাবার খুঁজতে নাকাল। মা-পাখিটার মুখে ফড়িং মোটেই একটা, আর মুখ তিনটা। মুখ নয়, দগদগে আগুন। ক্ষুধার আগুন। কোনো রকমে একটার মুখে দিয়ে আবার উড়াল দিল পাখিটা; অনিশ্চয়তায়। না খেয়েই ক্ষুধা মরল লোকটার। মুখে একটু পানি দিয়ে বেরিয়ে পড়ল। এবার টাকা নিয়েই ঘুরবে। কিছু হারাতে হলেও। শামীমের আর মনে নেই বিশেষ আলোচনার কথা। বাপের মলিন মুখটা তার সামনে ভেসে উঠল বারবার। বলতে গেল, আব্বা যেয়ো না। কিন্তু গলায় এসে আটকে গেল কথাটা। একটা কান্নাও মোচড় দিল; তবে বুকের ভেতর। শুধু বাপের চলা পথের দিকে তাকিয়ে থাকল অপলক। মনের মধ্যে চিনচিন করে বেজে উঠল—আব্বাও তো একটা মানুষ।