শোক
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৮:৫৮
মরণ কি খুব ব্যথা পেয়েছিল, আগুনে পুড়ে, রোদের তাপে, ধ্বংসস্তূপে মরণ কি খুব কান্না ঝেড়েছিল?
শ্যামের সমান মরণ কেন হবে? বরণ যারা করেছে আজ অকাল মরণ, অকারণে লোভের যাঁতাকলে
কল নাড়িয়ে ফল পাকিয়ে খাচ্ছে যারা শ্রমরক্ত চুষে, মরণ তাদের কামড় দেবে ঠিকই, যাবে না নিষ্ফলে।
মরণ জেগে থাকুক মর্মমাঝে, ব্যথার পাহাড় হয়ে বাজুক, শক্তি হয়ে আসুক ফিরে অসম্ভব চঞ্চলে।
মরণ কিন্তু বাঁচতে চেয়েছিল, খুব করে তার ইচ্ছে করেছিল, কিছুদিন আর দেখুক আলোর ধারা
জানত কী যে হবে মরার এমন পরিণতি, স্বজনহারা বুকভাসানো চোখের জলের এমন অথই খরা।
মরণ করেছিল অনেক বাঁচার আকুতি, প্রেমীর চোখে চুমু দেবার দুঃসাহসী গান, কেঁদেছে অম্লান—
বাবার পরান, মায়ের আদর, মিলনে সম্ভার, ইচ্ছে হয়েছিল অনেক ছেলেমেয়ের মুখের হাসির বান।
মরণ তবু রেহাই পেল না, মরণকামড় দিল এমন তাজা তাজা প্রাণে, মরণ কোনো জানে না রাজনীতি?
মরণে ভিত কাঁপুক দেখি লোভের, সমাজ রূপান্তরে মরণ দেখুক নতুন আশা, হূদয় নাচুক, মানুষে সম্প্রীতি।
মরণ কি খুব ব্যথা পেয়েছিল, আগুনে পুড়ে, রোদের তাপে, ধ্বংসস্তূপে মরণ কি খুব কান্না ঝেড়েছিল?