বস্ত্রদেবতার বরাভয়
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৮:৫৯
তোমার সেলাইয়ের হাত খুব ভালো
তোমার রক্তে শত যুগের সেলাইকর্মের স্মৃতি—
পুরানকথার দাদিমা যেভাবে নিভু দীপ আলো-অন্ধকারে
চোখ আর মনের মিহি সুতোয় বুনে যেতেন নকশিকাঁথার মাঠ
জীবনের সব কথকতা—তারও আগে আংটির ভিতর দিয়ে
গলে যাওয়া মসলিনের বুনন-কৌশল
প্রপিতামহের কর্তিত আঙুলের গোঙানি উজিয়ে
মস্তিষ্কের স্নায়ুপথে স্থির—সবকিছু তোমার অভাবী আঙুলে আছে;
তুমি তা স্বভাবজাত সপ্রতিভতায় চারিয়ে দিতে পারবে জানি
সূচিকর্মের বিবর্তিত যন্ত্রকৌশলে, পৃথিবীর সুলভতম শ্রম মজুরিতে।
তোমার ঘামসিক্ত করস্পর্শে জাদুর মহিমায়
পারফ্যুমগন্ধি হাওয়াই শার্ট ও কড়কড়ে জিন্স পাড়ি দেবে মহাদেশ
ফ্যাশনসচেতন সাদা মানুষের প্রশংসায় আহ্লাদিত হতে
ও শোভা পেতে তাদের নিখুঁত দেহসৌষ্ঠবে—
প্রতি ঋতুতে বদলে যাওয়া তাদের মনতুষ্টিতে।
তুমি পারো ও পারবে জানি স্বল্পতম মজুরিতে
সর্বাধিক পোশাকপুলক ছড়িয়ে দিতে সারা পৃথিবীময়
তোমার সহ্যক্ষমতা কিংবদন্তির মতো—
ফি-বছর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো
দীর্ঘমেয়াদি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জল
ঠেকিয়ে দিয়েছ তুমি দেশের মাটিতে
আমাদের আশ্চর্য প্রবৃদ্ধির হার সাদা প্রভুর ঈর্ষার কারণ
তুমি নিবিষ্ট সেলাইকলে ভরে দিচ্ছ অনিঃশেষ সুতার আধার
কেউ জানে না তা কোথা থেকে নিয়ন্ত্রিত হয়—
শুধু পুঁজি তার ক্ষুধার আধারে নির্গলিত সুতারাশি
অঞ্চল পেরিয়ে যেতে অবশ্য প্রত্যাশী—
অবিরাম স্ফীতি ছাড়া তার অন্য কোনো আনন্দ নেই
জারিজুরি কোথাও জানা হয়ে গেলে সে সাজে দারুণ মানবিক
অঞ্চল উজাড় করে অনাবিষ্কৃত অঞ্চলে চলে যায় দ্রুত
সে জানে কোথায় প্রলুব্ধ মানুষ তাকে দেবে নিঃশর্ত আশ্রয়।
তোমাকে সে পেয়েছে এই জলাভূমি কাদার দেশে
যে মাটিতে শস্য ফলে সে মাটিতেই প্রতিমা গড়েন
তোমার পিতামহ, আল্পনা আঁকা তোমার পিতামহী
কারুকার্যে ভরা পিঠাগুলো দারুণ বানাতেন...
তুমি খুব অনুগত, সংসারে কাজের চাপ যত বাড়ে
তোমার হাতের সংখ্যাও তত বেড়ে যায়, তুমি দশভূজা
নির্বিবাদে সব কাজ করে যেতে পারো হাসিমুখে
হা হা হা... তোমাকেই আমাদের প্রয়োজন
যে নিতে পারবে জরুরি কাজের চাপ বর্ধিত ঘণ্টার
মজুরি না পেয়েই, আহ?, আর চেয়েই বা কী লাভ
গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকা খাওয়ার চেয়ে কি এ-ই অনেক ভালো নয়!
তোমার আঙুলগুলো সুন্দর—
তোমার সেলাইয়ের হাত খুব ভালো
তোমার রক্তে শত যুগের সেলাইকর্মের স্মৃতি
তুমি আমাদের গার্মেন্টসে যোগদান করো
এই দালানের পিলারগুলো খুব নড়বড়ে হলেও
গ্যারান্টি দিচ্ছি, তুমি মরবে না!