ডাবিংয়ে রেকর্ড করলেন সঞ্জয় দত্ত

মাথার উপর ঝুলছে সুপ্রিম কোর্টের দেওয়া ৫ বছরের দণ্ডাদেশ। আর এই দণ্ডাদেশের কারণে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করার ঘোষণাও দিয়েছেন তিনি। আর এই অল্প সময়ে এত এত কাজ কী করে সামাল দিবেন সে নিয়েও অনেকটা বিপাকে সঞ্জয়। কাজ করতে করতে একেবারে বেহাল দশা হলেও নিজেকে ক্লান্ত বলতে নারাজ সঞ্জয় দত্ত। মাত্র এক মাসে শেষ করলেন ‘পুলিশগিরি’সহ একাধিক ছবির শুটিং। শুধু তাই নয়, সম্প্রতি এই ছবির ডাবিং করেছেন মাত্র ৩ ঘণ্টায়। বলা যায় ইতিহাসের এক বিরল রেকর্ড এটি। শুধু এই একটি ছবিই নয়, সঞ্জয় দত্ত এই স্বল্প সময়ের মধ্যে শেষ করেছেন ‘পিকে’, ‘জঞ্জির’, ‘উঙলি’ ছবির কাজও। তবে খুশি হওয়ার তেমন কিছুই নেই, কেননা সঞ্জয়ের হাতে খুব বেশি সময় নেই। আগামী ১৮ মে আত্মসমর্পণ করতে হবে তাকে।