মুজিবনগর স্মৃতিসৌধ
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:১৮
বাংলাদেশজুড়েই ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য প্রাকৃতিক আর মনুষ্যনির্মিত দর্শনীয় স্থান। মূলত এই স্থানগুলোর কথা মাথায় রেখেই প্রতি শুক্রবারের আয়োজনে থাকছে একটি করে দর্শনীয় স্থানের বিবরণ। আর আজ এতে প্রকাশিত হলো মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ-এর কথা।
বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন পর্যায় ও তাত্পর্যপূর্ণ নানা ঘটনার স্মরণে গোটা বাংলাদেশ জুড়ে যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে তারই একটি মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ ও কমপ্লেক্স। মেহেরপুর জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে ৬৬ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এই মুজিবনগর কমপ্লেক্স। এখানে রয়েছে বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে তাত্পর্যপূর্ণ একটি স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র, একটি বিরাট মানচিত্রে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের যুদ্ধকালীন ঘটনাচিত্র, ৭ মার্চে ভাষণদানরত বঙ্গবন্ধুর ভাস্কর্য, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ৪০টি ভাস্কর্য, মুক্তিযুদ্ধের গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার, মিলনায়তন, গোলাপবাগান ও দর্শনার্থীদের জন্য একটি আধুনিক মোটেল। এর মধ্যে প্রধান আকর্ষণ যে মুজিবনগর স্মৃতিসৌধ সেটি গড়ে তোলা হয়েছে প্রথম মন্ত্রিপরিষদ যেখানে শপথ গ্রহণ করেছিল সেই স্থানটিতে। স্থপতি তানভির করিমের নকশায় এতে মূল বেদিকে কেন্দ্র করে ১৯৪৮ থেকে ‘৭১ পর্যন্ত মুক্তি সংগ্রামের ২৩ বছরের প্রতীক হিসেবে আছে ২৩টি সাদা দেয়াল। এ ছাড়াও এখানে রয়েছে স্মৃতিসৌধের বেদিতে আরোহণের জন্য একটি র্যাম্প এবং স্মৃতিসৌধ থেকে বের হওয়ার পথে ৯ মাস যুদ্ধের স্মৃতিতে ৯টি ধাপ। মুজিবনগর স্মৃতিসৌধে যাওয়ার জন্য ঢাকা, খুলনা, সিলেট, চট্টগ্রাম থেকে সরাসরি মেহেরপুরের মুজিবনগরে সড়ক যোগাযোগ আছে। থাকা যাবে মুজিবনগর রেস্ট হাউসে অথবা জেলা শহরের পাঁচ-ছয়টি আবাসিক হোটেলের যেকোনোটিতে।