নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ

মালয়েশিয়ায় সদ্য হয়ে যাওয়া নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে বুধবার পুলিশের নিষেধ উপেক্ষা করে বিক্ষোভে জড়ো হয়েছে বিরোধীরা। নির্বাচনী ফলে কারচুপির অভিযোগ করে এ বিক্ষোভ ডেকেছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। এবারের নির্বাচনে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ক্ষমতাসীন জোট। অর্ধ-শতাব্দী ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা জোট সরকার এবারের সাধারণ নির্বাচনেও বিজয়ী হয়ে ক্ষমতা ধরে রেখেছে। তবে আগের যে কোনো বারের তুলনায় এবারই তারা সবচেয়ে খারাপ ফলাফল করেছে। নির্বাচনে পার্লামেন্টের ২২২টি আসনের মধ্যে নাজিবের বরিসন ন্যাশনাল(বিএন) বা ন্যাশনাল ফ্রন্ট ১৩৩টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু ২০০৮ সালের নির্বাচনে পাওয়া ১৪০ আসন থেকে এবার ৭টি আসন হাতছাড়া হয়েছে। অপরদিকে বিরোধীদলের আসন সংখ্যা বেড়েছে। গতবারের ৮২টির জায়গায় এবার তারা ৮৯টি আসন পেয়েছে। বিএন নির্বাচনে কারচুপি বা ভোট জালিয়াতির অভিযোগ দৃঢ়তার সঙ্গে নাকচ করেছে।