যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী সম্পর্কের ইতি টানা হবে

পাকিস্তানে আগামীকালে অনুষ্ঠেয় নির্বাচনী দৌড়ে সামনের সারিতে থাকা রাজনীতিবিদ, পিএমএল-এন নেতা (পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ) নওয়াজ শরীফ বলেছেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস-বিরোধী যুদ্ধে ইসলামাবাদের সম্পৃক্ততার ইতি টানবেন। কেননা এ ধরনের পদক্ষেপ পাকিস্তান তথা বিশ্বের শান্তির জন্য জরুরি। বিবিসির সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। এছাড়া তিনি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করেন। নওয়াজ শরীফ বলেন, ৯/১১-এর হামলার পর থেকেই পাকিস্তান এ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে আসছে। ১১ মে’র নির্বাচনকে সামনে রেখে এখানে অনেক সহিংস ঘটনা ঘটছে। এ অবস্থার মধ্যেই ভোটাররা ওইদিন ভোটকেন্দ্রে যাবেন। তাই আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এখানে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস-বিরোধী যুদ্ধে আমাদের ভূমিকার অবসান ঘটানো হবে। তিনি বলেন, এই প্রথমবার কোন নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। বিবিসির প্রতিনিধি ওরলা গিরিন ইসলামাবাদ থেকে এ প্রতিবেদন পাঠানোর পর বলেছেন, তার এই মন্তব্যে পশ্চিমা বিশ্বের কাছে এটি একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। এতে আশঙ্কা করা হচ্ছে, এর মাধ্যমে দেশটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় তথা তাদের স্বাধীনতার মাত্রা আরো বেড়ে যাবে। কেননা ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যরা চলে যাচ্ছে। এতে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কীভাবে তাদের মাটিতে জঙ্গিদের দমন করবেন। তবে নির্বাচিত হলে তিনি সেখানে তালেবান এবং আল-কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবেন কিনা—এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান। এদিকে সিএনএন ও আইবিএনকে দেয়া সাক্ষাত্কারে নওয়াজ শরিফ বলেন, নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের সময় এখনই। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হলে ভারতের বিরুদ্ধে কোনোরকম জঙ্গি হামলার জন্য পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেব না। অন্তত সে নিশ্চয়তা আমি প্রদান করতে পারি। ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে বৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সমপ্রতি তাদের সম্পর্ক উন্নত হয়েছে। অপরদিকে দেশটিতে নির্বাচন-পূর্ব জনমত জরিপগুলোতে বলা হয়েছে, শরিফের পিএমএলএন দলই নির্বাচনে জয়লাভ করবে।