ভারতে হামলায় আহত পাকিস্তানি বন্দীর মৃত্যু

ভারতের কারাগারে হামলার শিকার পাকিস্তানি বন্দি সানাউল্লাহ রনজয় মারা গেছেন। বৃহস্পতিবার চন্ডিগড় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান । ভারতীয় কর্তৃপক্ষ তার মৃতদেহ পাকিস্তানে পাঠাবে বলে জানা গেছে। গত শুক্রবার কারাগারে সানাউল্লাহর ওপর খুনের আসামি ভারতীয় এক সাবেক সেনা হামলা চালায়। হামলার পর সানাউল্লাহ কোমায় চলে গিয়েছিলেন বলে চিকিত্সকরা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবণতি হয়। পরে তাকে চন্ডিগড় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বলেছেন, তার মৃতদেহ পাকিস্তানে পাঠানো হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের কারাগারে গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি থাকা সরবজিত সিং-এর ওপর হামলার জের ধরে গত সানাউল্লাহর ওপর হামলা চালানো হয়। ঐ হামলার পর সরবজিত সিং চিকিত্সাধীন অবস্থায় পাকিস্তানের হাসপাতালে মারা যান। পরবর্তী সময়ে সরবজিতের মরদেহ ভারতে নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। —খবর এনডিটিভির।