সংবাদ কণিকা
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২০:৩২
হুমকির মুখে পাকিস্তানের
উদারপন্থি নেতারা
পাকিস্তানে নির্বাচনের আগে ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে তালেবান। তাদের হামলায় এ পর্যন্ত ৭০জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তালেবান হামলার হুমকির মুখে এসব দলের বেশিরভাগ প্রার্থীই নির্বাচনী প্রচারণা ছেড়ে চার দেয়ালের মাঝে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদেরই একজন তালেবানবিরোধী শীর্ষ রাজনীতিবিদ আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) মিয়ান হুসেইন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে কোনো নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেননি তিনি। প্রধানত তিনটি দলের সমাবেশ লক্ষ্য করেই হামলা করছে তালেবান। এ দলগুলো হলো, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। রয়টার্স
মিসরে ব্রাদারহুডের
প্রভাব বাড়ল
মন্ত্রিসভার রদবদলে আরো ইসলামপন্থি নিয়োগ করে সরকারে মুসলিম ব্রাদারহুডের প্রভাব-প্রতিপত্তি বাড়ালেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। দেশের অর্থনৈতিক সঙ্কট কাটাতে ৪৮০ কোটি ডলারের ঋণ পাওয়া নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনায় নিয়োজিত দুই মন্ত্রীকে বদল করেছেন মুরসি। কিন্তু এ পরিবর্তনে পূরণ হয়নি বিরোধীদের আশা। —রয়টার্স
সার্স-জাতীয় ভাইরাস এবার ফ্রান্সে
সৌদি আরবসহ কয়েকটি দেশের পর এবার ফ্রান্সে প্রথম ধরা পড়েছে সার্স-জাতীয় নতুন করোনাভাইরাস। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে যাওয়া এক ব্যক্তির দেহে নতুন এ ভাইস সংক্রমণ ধরা পড়ে বলে বুধবার জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।-রয়টার্স