সাভার ট্রাজেডি
পাঁচ জনের লাশ দাফন সম্পন্ন নিখোঁজ রয়েছেন অনেকেই
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:০৯
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ সাভার রানা প্লাজার ভবন ধসে নিহত ময়মনসিংহের গৌরীপুরের দুই শ্রমিকের লাশ ঘটনার ১৪দিন পর এলাকায় দাফন করা হলেও এখনো এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। ইসমাইল হোসেন মুনশীর পুত্র শহিদুল ইসলামের (২৮) লাশ বুধবার এবং রামগোপালপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের জিন্নাত আলীর পুত্র রুহুল আমিনের (২৮) লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়।
মেহেরপুর প্রতিনিধি \ রানা প্লাজা ধসের ঘটনায় মেহেরপুরের একজনের লাশ উদ্ধার হলেও ১৫ দিনেও সন্ধান মেলেনি এ জেলার ৬ জন গার্মেন্টস শ্রমিকের। চিকিত্সাধীন রয়েছেন ৪ জন। প্রকাশ, বিলধলা গ্রামের মেরিনা আক্তার, গাড়াডোবের রাশিদা খাতুন, চেংগাড়ার শহিদুল, তেরাইলের শহিদুল ও সদর উপজেলার রবিউল এবং সওদাদ নিখোঁজ রয়েছেন।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজা ধসে নিখোঁজ রাজাপুরের মিজান ও রুনুর সন্ধান আজও মেলেনি। রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের আলম ওরফে বজলু হাওলাদারের পুত্র জামাল হোসেন ওরফে মিজান (২২)। পূর্ব ফুলহার গ্রামের রুস্তম আলী হাওলাদারের মেয়ে রুনু বেগম (২১)।
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ রানা প্লাজা ধসে নিহত সারিয়াকান্দির মামুনুর রশিদের (২৫) লাশ বৃহস্পতিবার ভোরে ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। পকেটে থাকা মোবাইলের মাধ্যমে তার লাশ শনাক্ত করা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৫ দিন পর খুঁজে পাওয়া গেল হতভাগ্য যুবক আবুল ফজল খানের (২২) লাশ। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামে তার দাফন সম্পন্ন হয়। তার পিতার নাম শহিদুর রহমান খান।
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ এক বছর আগে চাকরিতে ঢুকেছিলেন তার স্ত্রী শেফালী বেগম (২৮)। কাজ নিয়েছিলেন রানা প্লাজার সপ্তমতলার একটি তৈরি পোশাক কারখানায়। গতকাল বৃহস্পতিবার শেফালীর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়। স্ত্রী শেফালী খাতুন, দুই সন্তান শিমুল আহমেদ (৯) ও শাকিল আহমেদকে (৭) নিয়ে তিন বছর আগে মোস্তাফিজার ঢাকায় যান। তিনি রিকশা চালাতেন।
কুষ্টিয়া প্রতিনিধি \ রানা প্লাজা ধসের ঘটনায় নিহত কুষ্টিয়ার নয়জন পোশাক শ্রমিক ও জেলায় সমপ্রতি বয়ে যাওয়া টর্নোডোতে নিহত একজনের পরিবারকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিশা’ ও মহিলা ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় গতকাল বৃহস্পতিবার। কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা ও এডিসি জেনারেল ড. মোল্লা মাহমুদ হাসান। দিশার নির্বাহী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রোটারিয়ান রবিউল ইসলাম, সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট ছানোয়ার হোসেন ও জেলা প্রশাসকের সহধর্মিণী রেহেনা সুলতানা।
জীবননগর সংবাদদাতা \ সাভারের রানা প্লাজা ধসে নিহত জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মুসলিমা খাতুনের এতিম দুই মেয়ে রাবেয়া খাতুন ও আফিয়া খাতুনকে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকার সাহায্য দেন ঐ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেদিনীপুর সদস্য জাকির হোসেন।