গাজীপুরের ৩ ইউপির নির্বাচনী প্রচারণা তুঙ্গে

আগামী ১৩মে গাজীপুর জেলা সদরের মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে ঘিরে তিনটি ইউনিয়নেই ভোটারদের মাঝে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও উত্সবের আমেজ বিরাজ করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনায় নিয়োজিত রয়েছেন। তারা ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে প্রার্থীদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে ভোটযুদ্ধে নেমেছেন। মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন মির্জাপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন দুলাল (তালা), সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন (কাপ-পিরিচ), রফিকুল ইসলাম (মোটরসাইকেল), সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ (চশমা) ও এমদাদ হোসেন মুসুল্লী (আনারস)। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৮৬জন। পিরুজালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারণ সদস্য পদে ৩৪জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন: অ্যাডভোকেট ফরিদুজ্জামান মন্ডল (মোটর সাইকেল), সাইফুল্লাহ সরকার মঞ্জু (আনারস), আব্দুস সামাদ (তালা), কাজী সালাউদ্দিন রফিক ও সোহেল রানা। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৮৯জন। ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন। চেয়ারম্যান পদে মেডিপ্যাথ হসপিটালের চেয়ারম্যান ইউসুফ মোঃ সেলিম রেজা (মোটরসাইকেল), আলহাজ্ব সালাউদ্দিন সরকার (চাঁদ), মোঃ আবু বকর সিদ্দিক (কাপ-পিরিচ), জগদিশ চন্দ্র বর্মণ, আব্দুর মান্নান সিকদার, জসিম উদ্দিন, আব্দুর রহমান, হাফেজ ইব্রাহিম, জামাল হোসেন সোহেল, জয়নাল আবেদীন, আবুল হোসেন, জুয়েল আহমেদ, সারোয়ার আলম, লিয়াকত আলী ও বাবুল হোসেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৭০৫জন। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নকে ভেঙ্গে তিনটি ইউনিয়নে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে নবগঠিত ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়নের নির্বাচন এবার প্রথম অনুষ্ঠিত হচ্ছে।