পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ভাইসহ ৭ জন নিহত
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১০
টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটিতে এক সড়ক দুর্ঘটনায় তিন সহোদরসহ পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই কাপড় ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউরি গ্রামের তিন সহোদর আনোয়ার হোসেন (৫২), নাজিম উদ্দিন (৫৫) ও নজরুল ইসলাম (৫০) এবং একই ইউনিয়নের পাঠন্দ গ্রামের দেলোয়ার হোসেন (৪৮) ও ভবানীপুর গ্রামের শহীদুল ইসলাম কালু (৩৫)। স্থানীয় লোকজন ও কালিহাতী থানার এসআই শামসুল আলম জানান, তারা একটি পিকাপে চড়ে নিজ এলাকা থেকে করটিয়া হাটে যাচ্ছিলেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের আগবিক্রমহাটিতে পৌঁছে পিকাপ চালক হঠাত্ ব্রেক কষলে পিকাপের ওপরে থাকা ওই পাঁচজন রাস্তায় পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এসআই শামসুল আলম বলেন, শুনেছি কে বা কারা ওই পিকাপটি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছিল। তবে এটা সত্য কিনা জানি না।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও সিরাজদিখান উপজেলায় শিক্ষার্থীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সিরাজদিখানে বাইসাইকেল আরোহী ব্যবসায়ী সিরাজুল ইসলাম সুরুজ (৪৫) ও মঙ্গলবার রাতে টঙ্গীবাড়িতে সোবহান শেখের ছেলে স্কুলছাত্র শান্ত (৮) নিহত হয়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গন্ধর্বপুর নামক স্থানে চলন্ত ভটভটি চাপায় সুমন মিয়া (১৫) নামের এক কিশোর বুধবার নিহত হয়েছে। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের তাজ উদ্দিনের পুত্র। এলাকাবাসী ভটভটিটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির রুপসা গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী হাসানুল করিম চয়ন (৩৫) বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোকছেদ আলী মন্ডলের ছেলে এবং বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
এদিকে চয়নের মৃত্যুর সংবাদ পৌঁছা মাত্র কালুখালীতে শোকের ছায়া নেমে আসে। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়।