নাশকতার চেষ্টা ব্যর্থ করে দেয়ায় তারা নাখোশ
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২১:১১
গতকাল বৃহসপতিবার ভোলা সদর হাসপাতাল চত্বরে ২৫০ শয্যা হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ আফম রুহুল হক বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য জামায়াত-বিএনপি ও হেফাজত তত্পর রয়েছে। তাদের একটি বড় ধরনের নাশকতার চেষ্টা আইন-শৃঙ্খলাবাহিনী প্রতিহত করায় তারা নাখোশ হয়ে নানা অপপ্রচার ও নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশের মানুষ ধর্মের নামে রাজনৈতিক নাশকতা অনেক দেখেছে, একাত্তরেও আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ধর্মের নামে বিরোধিতা করা হয়েছিল। আজ সেই একাত্তরের পরাজিত শক্তি আবারও মাঠে নেমেছে। জনগণই তাদের ষড়যন্ত্র রুখে দেবে ।
ভোলার সিভিল সার্জন ডাঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, এম.এম নিয়াজউদ্দিন প্রমুখ।